‘রেডিও তেহরানের যেসব অনুষ্ঠান হৃদয়ে দোলা দেয়, দেয় প্রশান্তির পরশ’
https://parstoday.ir/bn/news/letter-i87506-রেডিও_তেহরানের_যেসব_অনুষ্ঠান_হৃদয়ে_দোলা_দেয়_দেয়_প্রশান্তির_পরশ’
সুপ্রিয় মহোদয়, সালাম ও শুভেচ্ছা নিবেন। আশা করি বাংলা বিভাগের আপনারা সবাই নিরাপদ এবং ভালো আছেন। আমি রেডিও তেহরানের একজন শুভাকাঙ্ক্ষী ও নিয়মিত পুরোনো শ্রোতা। যদিও নিয়মিত অনুষ্ঠান শুনি কিন্তু চিঠি লেখা বা মতামত-পরামর্শ পাঠানোর সুযোগ সবসময় হয়ে ওঠে না।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
ফেব্রুয়ারি ১৬, ২০২১ ২২:১২ Asia/Dhaka
  • ‘রেডিও তেহরানের যেসব অনুষ্ঠান হৃদয়ে দোলা দেয়, দেয় প্রশান্তির পরশ’

সুপ্রিয় মহোদয়, সালাম ও শুভেচ্ছা নিবেন। আশা করি বাংলা বিভাগের আপনারা সবাই নিরাপদ এবং ভালো আছেন। আমি রেডিও তেহরানের একজন শুভাকাঙ্ক্ষী ও নিয়মিত পুরোনো শ্রোতা। যদিও নিয়মিত অনুষ্ঠান শুনি কিন্তু চিঠি লেখা বা মতামত-পরামর্শ পাঠানোর সুযোগ সবসময় হয়ে ওঠে না।

জীবনের বাস্তবতা আমার নিকট থেকে নীরবে-নিভৃতে অনেক কিছু কেড়ে নিচ্ছে প্রতিনিয়ত। তারপরও জীবনযুদ্ধে জয়ী মনোভাব নিয়ে আশার প্রদীপ জ্বেলে হাজারও ব্যস্ততার মাঝে সারাদিনের কর্মক্লান্তির পরে একটু প্রশান্তির পরশ পেতে যোগ দিই রেডিও তেহরান বাংলার সাথে। যেখানে থাকে পরম শান্তির অমিয় বাণী ও ভবিষ্যতের পাথেয় স্বরূপ কুরআন ও হাদিসের দিকনির্দেশনা।

এটাই সত্যি যে, রেডিও তেহরান বাংলা প্রতিটি মানুষের জীবন চলার পথে প্রয়োজনীয় ও শিক্ষণীয় বিশেষ অনুষ্ঠান উপহার দিয়ে থাকে। যেমন : কুরআনের আলো, আসমাউল হুসনা, পাশ্চাত্যে জীবন ব্যবস্থা, আদর্শ মানুষ গড়ার কৌশল। এসব অনুষ্ঠান আমাদের ও ভবিষ্যত প্রজন্মকে আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠতে সহায়ক ভূমিকা পালন করছে বলে মনে করি।

এছাড়াও আমাদের অত্যন্ত প্রিয় অনুষ্ঠান বর্ণিল আয়োজনে সাজানো চিঠিপত্রের আসর প্রিয়জন। যেখানে চিঠিপত্রের উত্তর দেয়ার পাশাপাশি শ্রোতাদের গুরুত্বপূর্ণ মতামতগুলো ফোনালাপের মাধ্যমে তুলে ধরা হয় প্রতিটি অনুষ্ঠানে।

ইরান ভ্রমণ অনুষ্ঠান শুনে... দেশে বসে থেকেও কাল্পনিকতায় ভেসে বেড়াই হৃদয় জুড়ানো ইরানের নয়নাভিরাম অপরূপ দৃশ্য ও মনোমুগ্ধকর পরিবেশের বিভিন্ন শহরে। পাশাপাশি নতুন অনুষ্ঠানের মাধ্যমে আমরা জানতে ও শুনতে চাই আরও বিস্তৃত আকারে শিক্ষা, সংস্কৃতি, ইতিহাস ও বিজ্ঞানের অগ্রযাত্রায় ইরানের বিশেষ অবদানের কথা। জানতে চাই পরিবর্তিত বিশ্ব ব্যবস্থায় মধ্যপ্রাচ্যের মুসলিম পরাশক্তি দেশ হিসেবে বিশ্বে ইরানের ভূমিকা।

আরেকটি অনুষ্ঠানের কথা না বললেই নয়। সেটি হচ্ছে ছোট-বড় সবার প্রিয় রংধনু। এ আসরের শিক্ষণীয় গল্প, গান, কবিতা ও ছোট্টবন্ধুদের সাক্ষাৎকার ভালো লাগে। এটি ছোটদের সৃজনশীল প্রতিভা বিকাশের অনন্য প্লাটফর্ম।

সম্প্রতি রংধনু আসরের পাশাপাশি 'গল্প ও প্রবাদের গল্প' নামে আরেকটি সাপ্তাহিক অনুষ্ঠান চালু হয়েছে।  রংধনু আসরের পরও আরেকটি গল্পের অনুষ্ঠানে বিশেষ প্রয়োজন আছে বলে মনে হয় না। তাই ‘গল্প ও প্রবাদের গল্প’ নতুন এ ধারাবাহিকটির পরিবর্তে শিক্ষা, সংস্কৃতি, বিশ্বায়ন ও বিজ্ঞানের অগ্রযাত্রায় ইরানের সাফল্য বিষয়ে অনুষ্ঠান তৈরি করে নতুন অনুষ্ঠান হিসেবে যুক্ত করার জন্য জোর দাবি জানাচ্ছি। পরিশেষে সবার সুস্থ্ ও নিরাপদ জীবন কামনা করছি।

 

আবু তাহের

সভাপতি, ইন্টারন্যাশনাল রেডিও ফ্যান ক্লাবস

ঘারিন্দা, টাঙ্গাইল-১৯০০, বাংলাদেশ।

 

পার্সটুডে/আশরাফুর রহমান/১৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।