রেডিও তেহরানের নতুন ধারাবাহিক 'গল্প ও প্রবাদের গল্প' সম্পর্কে মতামত
প্রিয় মহোদয়, আসসালামু আলাইকুম। আমার অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানবেন। ৯ ফেব্রুয়ারি রেডিও তেহরানের বাংলা বিভাগ থেকে একটি নতুন অনুষ্ঠান প্রচার শুরু হয়। অনুষ্ঠানের নাম 'গল্প ও প্রবাদের গল্প'। ওইদিন বিখ্যাত কবি শেখ সাদির গোলেস্তান থেকে নেয়া একটি গল্প প্রচারিত হয়। গল্পটি আমার দারুণ ভালো লেগেছে।
গল্পের শিক্ষা হল, অপরের জন্য কূপ খনন করলে প্রথমে নিজেই সেই কূপে পড়ে। দারুণ শিক্ষণীয় এ গল্পটির মূলকথা আমাদের জীবনে ইতিবাচক প্রভাব ফেলবে- এটিই আমাদের প্রত্যাশা।
ওই গল্পে বাদশা এবং ভালো উজির ও মন্দ উজিরের কথা চমৎকারভাবে ফুটে উঠেছে। আসলে সকল মানুষের হৃদয়ে একটা ভালো মানুষ বাস করে। তাই বাদশাহ ভালো উজিরের ভালো কথায় প্রভাবিত হলেন। আর ভালো কাজ করে ভালো উজির পুরস্কার পেলেন, অন্যদিকে মন্দ কাজের চেষ্টা করে মন্দ উজির তার চাকরি হারালেন। সমাজে এটাই চিরন্তন সত্য। ভালো কাজের জন্য শেষপর্যন্ত ভালো ফলই মেলে, আর মন্দ কাজের পরিণতি শেষতক মন্দই হয়ে থাকে।
গল্পটি ভালো লাগার আরেকটি কারণ হল, এটি জগদ্বিখ্যাত কবি শেখ সাদির রচনা থেকে নেয়া হয়েছে। ইরানের এ কবি সারা বিশ্বে খুবই জনপ্রিয়। তিনি বাংলাদেশেও খুব জনপ্রিয় একজন কবি। তাঁর অসংখ্য কবিতা ও গল্প আমাদের দেশে বহুল প্রচলিত। ছেলে-মেয়েদেরকে সৎ ও আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলার জন্য বাবা-মা’রা তাদের সন্তানদের শেখ সাদির গল্প শোনান। গল্পের উপদেশটি বুঝিয়ে দেন।
এছাড়া একটি দেশকে বোঝার জন্য, ওই দেশের শিল্প-সাহিত্য ও সংস্কৃতি বুঝার জন্য, মানুষের কৃষ্টি ও কালচার উপলব্দির জন্য সে দেশের বহুল প্রচলিত গল্পগুলো খুবই সহায়ক। বিখ্যাত সাহিত্যিকদের কর্মের মাধ্যমে দেশটির মানুষের মনোভাব সম্পর্কে ধারণা পাওয়া যায়। গল্প ও প্রবাদের মাধ্যমে একটি দেশকে বিদেশিদের কাছে সহজেই পরিচয় করিয়ে দেয়া যায়। তাই বিশ্বের অনেক আন্তর্জাতিক বেতার কেন্দ্রই নিজ দেশের প্রবাদ, গল্প ও খাবারের অনুষ্ঠান প্রচার করে শ্রোতাদের মন জয় করে নিয়েছে। আমি মনে করি, রেডিও তেহরানের এ অনুষ্ঠানটিও সকল শ্রেণির শ্রোতাদের ভালো লাগবে। বিশেষ করে, আমার ছেলে-মেয়েরা খুব মনোযোগ দিয়ে গল্পটি শুনেছে, গল্পের উপদেশটি উপলব্ধি করেছে।
অবশ্য একথাও ঠিক যে, রেডিও তেহরান থেকে রংধনু নামে যে অনুষ্ঠান প্রচারিত হয়, তাতেও গল্প প্রচারিত হয়। তবে সে গল্প আর প্রবাদের গল্পের মধ্যে একটি তফাৎ আছে। রংধনুর গল্পগুলো মূলত ছোটদের জন্য, আর প্রবাদের গল্পটি সকল শ্রেণির শ্রোতার জন্য। তাই নতুন এ অনুষ্ঠানটি প্রচার করায় রেডিও তেহরানকে ধন্যবাদ জানাই। আমার মনে হয়, এ অনুষ্ঠানের মাধ্যমে আমরা বেশ কিছু প্রবাদের উৎপত্তি এবং ইরানের বিখ্যাত কবি-সাহিত্যিকদের রচনার সাথে পরিচিত হতে পারব।
মঙ্গলবারের অতি জনপ্রিয় অনুষ্ঠান ইরানি পণ্য-সামগ্রী বন্ধ হয়ে যাওয়ায় অনেক শ্রোতাই কষ্ট পেয়েছেন। কষ্ট আমিও পেয়েছি। কেননা, ইরানের বিভিন্ন ও বৈচিত্রময় পণ্য সম্পর্কে জানতে আমার ভালো লাগত। তবে একথাও ঠিক যে, একটি অনুষ্ঠান দীর্ঘদিনের জন্য চলতে পারে না। আর একই বিষয়ে দীর্ঘদিন ধরে শুনতেও ভালো লাগে না। তাই নতুনকে স্বাগত জানাতে হবে। আর নতুন নতুন ও বৈচিত্রময় বিষয়ে অনুষ্ঠান উপহার দেয়াই একটি ভালো বেতার কেন্দ্রের পরিচায়ক। একসময় গল্প ও প্রবাদের গল্প শেষ করে রেডিও তেহরান শ্রোতাদেরকে নতুন কোন অনুষ্ঠান উপহার দেবে– সেটাই আমাদের প্রত্যাশা।
তবে ইরানের শিক্ষা ও বিজ্ঞান নিয়েও শ্রোতাদের মধ্যে গভীর আগ্রহ রয়েছে। তাই ভবিষ্যতে এ দুটি বিষয়ে কোন অনুষ্ঠান প্রচার করা যায় কিনা, তা ভেবে দেখোর অনুরোধ জানাই।
ধন্যবাদান্তে,
মোঃ শাহাদত হোসেন
সহকারী অধ্যাপক, ভূগোল ও পরিবেশ বিভাগ
গুরুদয়াল সরকারি কলেজ
কিশোরগঞ্জ- ২৩০০, বাংলাদেশ।
পার্সটুডে/আশরাফুর রহমান/২০
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।