একজন নতুন শ্রোতার দৃষ্টিতে রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠান
https://parstoday.ir/bn/news/letter-i89684-একজন_নতুন_শ্রোতার_দৃষ্টিতে_রেডিও_তেহরানের_বাংলা_অনুষ্ঠান
জনাব, আসসালামু আলাইকুম। রেডিও তেহরানের সাথে সংশ্লিষ্ট সকল কলাকৌশলীকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আমি রেডিও তেহরানের সাথে সম্পৃক্ত হয়েছি অতি সম্প্রতি, গত ২১ ফেব্রুয়ারি ২০২১ কিশোরগঞ্জ আইআরআইবি ফ্যান ক্লাবের সম্মানিত সভাপতি জনাব মো. শাহাদত হোসেনের মাধ্যমে। অত্র অঞ্চলে রেডিও তেহরানের শ্রোতা সংখ্যা বৃদ্ধিতে তিনি অক্লান্ত পরিশ্রম করে চলছেন। 
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
এপ্রিল ০৬, ২০২১ ১০:৪৫ Asia/Dhaka
  • একজন নতুন শ্রোতার দৃষ্টিতে রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠান

জনাব, আসসালামু আলাইকুম। রেডিও তেহরানের সাথে সংশ্লিষ্ট সকল কলাকৌশলীকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আমি রেডিও তেহরানের সাথে সম্পৃক্ত হয়েছি অতি সম্প্রতি, গত ২১ ফেব্রুয়ারি ২০২১ কিশোরগঞ্জ আইআরআইবি ফ্যান ক্লাবের সম্মানিত সভাপতি জনাব মো. শাহাদত হোসেনের মাধ্যমে। অত্র অঞ্চলে রেডিও তেহরানের শ্রোতা সংখ্যা বৃদ্ধিতে তিনি অক্লান্ত পরিশ্রম করে চলছেন। 

রেডিও তেহরানে এটি আমার প্রথম চিঠি হলেও বেশ কিছুদিন ধরেই নিয়মিত শুনছি। রেডিও তেহরান থেকে প্রচারিত ইরান ভ্রমণ, আসমাউল হুসনা, রংধনু আসর, ইরাক-ইরান যুদ্ধের ইতিহাস প্রভৃতি অনুষ্ঠান থেকে জানতে পারছি ইরানের কৃষ্টি, সংস্কৃতি, মূল্যবোধ, ধর্মীয় অনুষ্ঠান ও উৎসবসমূহ সম্পর্কে। যেগুলো সুস্থ ধারার বিনোদন প্রদান করে চলছে; একইসাথে ইরান সম্পর্কে নানাবিধ অজানা তথ্য জানতে পারছি। এছাড়া, জানতে পারছি ইরানের প্রাচীন তথা পারস্য সভ্যতা সম্পর্কে যা স্কুল- কলেজে পড়ার পাঠ্য বইয়ে পড়েছি; এখন সে সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারছি। তথ্যগুলো আমাদেরকে ইসলামি ভাবাদর্শে আদর্শিত হতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে আমি মনে করি। 

রেডিও তেহরানের সংবাদ আমার খুব ভালো লাগে। এমন নিরপেক্ষ ও সাহসী খবর আর কোনো বেতার কেন্দ্র প্রচার করে না। এছাড়া সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত আমার খুব ভালো লাগে। এর প্রতিটি প্রতিবেদনেই যেন আমার মনের কথাগুলো বলা হয়। 

ইরানের ফার্সি নববর্ষ নওরোজ উপলক্ষে পাঠানো শুভেচ্ছা কার্ড, সূরা-সম্বলিত স্টিকার, ইরানের মহান নেতা আয়াতুল্লাহ খোমেনির ছবি-সম্বলিত ইরানের জাতীয় পতাকা ও রেডিও তেহরানের অনুষ্ঠানসূচি হাতে পেয়ে নিজেকে খুবই ভাগ্যবান ভাবছি এবং ভীষণ আনন্দ অনুভব করছি। সেজন্য ধন্যবাদ জানাই রেডিও তেহরানের বাংলা বিভাগের সাথে সংশ্লিষ্ট সকলকে। যদিও এটি আমার প্রথম চিঠি, তবে রেডিও তেহরান থেকে প্রচারিত মাসিক কুইজ প্রতিযোগিতায় আমি নিয়মিতই অংশগ্রহণ করছি। 

রেডিও তেহরান শ্রোতাদের চাহিদা উপযোগী অনুষ্ঠান প্রচার করে যাবে, সেই সাথে আগামীতেও নওরোজ ও ইরানের অন্যান্য গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের শুভেচ্ছা কার্ড ও উপহার সামগ্রী পাঠানো অব্যাহত থাকবে সেই আশাবাদ রেখে সমাপ্তি টানছি। খোদা হাফেজ। 

 

মো. আতিকুল ইসলাম আতিক 

(কার্যকরী সদস্য, আইআরআইবি ফ্যান ক্লাব, কিশোরগঞ্জ)

সভাপতি, নরসুন্দা বেতার শ্রোতা পরিবার

গ্রাম: ভূবিরচর, ডাকঘর: জাতীয় চিনিকল, থানা ও জেলা: কিশোরগঞ্জ

 

পার্সটুডে/আশরাফুর রহমান/৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।