ইরানের নর্থ-সাউথ ট্রান্সপোর্ট করিডোর বা এনএসটিসি রুট সম্পর্কে মতামত
প্রিয় মহোদয়, আসসালামু আলাইকুম। আমার প্রীতি ও শুভেচ্ছা জানবেন। ২৯ মার্চ, সোমবার রেডিও তেহরানের বাংলা বিভাগ থেকে প্রচারিত অনুষ্ঠানগুলো হল- বিশ্বসংবাদ, দৃষ্টিপাত, প্রিয়জন ও কথাবার্তা। নিঃসন্দেহে শ্রোতাদের চিঠিপত্রের আসর প্রিয়জন ছিল ওই দিনের সেরা অনুষ্ঠান।
দারুণ, দারুণ ভালো লেগেছে প্রিয়জন। তবে প্রিয়জনকেও ছাপিয়ে আমার মনে সাড়া জাগিয়েছে দৃষ্টিপাত, বিশেষতঃ দৃষ্টিপাতের একটি প্রতিবেদন। উক্ত প্রতিবেদনে ইরানের নর্থ-সাউথ ট্রান্সপোর্ট করিডোর (এনএসটিসি) সম্পর্কে আলোচনা করা হয়।
একসময় ইউরোপ থেকে এশিয়ায় পণ্য পরিবাহিত হত উত্তমাশা অন্তরীপ (আফ্রিকা মহাদেশের দক্ষিণে অবস্থিত) ঘুরে। সুয়েজ খাল তৈরির পর ইউরোপ ও এশিয়ার যাতায়াত ও পণ্য পরিবহণ অনেক সহজ হয়েছে। দীর্ঘদিন ধরে এটি পৃথিবীর দ্বিতীয় গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হিসেবে বিবেচিত হয়ে আসছে। কিন্তু রাজনৈতিক অস্থিতিশীলতা ও প্রাকৃতিক দুর্যোগের কারণে বেশ কিছুদিন ধরেই এ পথে পণ্য পরিবহণে সমস্যা হচ্ছিল।
ঠিক এরকম একটি অবস্থায় সুয়েজ খালের বিকল্প পথ হিসেবে ইরানের নর্থ-সাউথ ট্রান্সপোর্ট করিডোর বা এনএসটিসি রুট সম্পর্কে জানতে পেরে খুব ভালো লেগেছে। এর আগেও রেডিও তেহরান থেকে এ সম্পর্কিত একটি খবর প্রচারিত হয়েছিল। কিন্তু দৃষ্টিপাতে এ সম্পর্কে আরেকটু বিস্তারিত জানতে পেরেছি। আমিও মনে করি, এশিয়া ও ইউরোপের বাণিজ্যের জন্য এ পথ সুলভ ও নিরাপদ হবে।
বিশেষ করে সুইডেন, ফিনল্যান্ড, রাশিয়া, ইউক্রেন, রুমানিয়া, বুলগেরিয়া, আজারবাইজান ও তুরস্ক প্রভৃতি দেশের সাথে কাতার, আরব আমিরাত, ওমান, পাকিস্তান, ভারত, বাংলাদেশ, মিয়ানমার, চীন, জাপান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইনস ও অস্ট্রেলিয়া প্রভৃতি দেশের বাণিজ্য সহজ ও সুলভ হবে।
তবে ইরানের এই নর্থ-সাউথ ট্রান্সপোর্ট করিডোর বা এনএসটিসি রুট সম্পর্কে আমরা এখনো বিস্তারিত কিছু জানি না। রেডিও তেহরানের মাধ্যমেই সম্প্রতি আমরা এ সম্পর্কে জানতে পেরেছি। তাই আমাদের অনুরোধ থাকবে, এ রুট সম্পর্কে শ্রোতাদেরকে বিস্তারিত জানানোর জন্য, এ বিষয়ে আরো তথ্যবহুল অনুষ্ঠান প্রচারের জন্য। বিশেষতঃ এ রুট কোন কোন দেশের উপর দিয়ে যাবে, কোন কোন বন্দর থাকবে, এটি চালু করতে কি কি সমস্যার সম্মুখীন হতে হবে এবং এর ফলে কোন কোন দেশ লাভবান হবে। কেননা, বিশ্বব্যাপী জনমত গড়ে উঠলে এ রুট বাস্তবায়ন সহজ হবে।
ধন্যবাদান্তে,
মোঃ শাহাদত হোসেন
সহকারী অধ্যাপক, ভূগোল ও পরিবেশ বিভাগ
গুরুদয়াল সরকারি কলেজ, কিশোরগঞ্জ- ২৩০০
পার্সটুডে/আশরাফুর রহমান/১০
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।