রেডিও তেহরান: একটি পূর্ণাঙ্গ ও আদর্শ গণমাধ্যম
গণমাধ্যম বর্তমান সময়ের প্রতিচ্ছবি। একটি দেশ বা সমাজের সঠিক চিত্র গণমাধ্যমের দ্বারা প্রকাশিত হয়। এর আবেদন কোনোকালেই কমে যায়নি বরং আধুনিকতার সাথে পাল্লা দিয়ে এর গুরুত্ব দিনকে দিন বৃদ্ধি পাচ্ছে। গুরুত্ব বৃদ্ধি পাবার সঙ্গে সঙ্গে গণমাধ্যমের দায়িত্বের পরিধিও বেড়েছে ব্যাপকভাবে। গণমাধ্যমের যে কয়টি দায়িত্ব রয়েছে তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ও গুরুত্বপূর্ণ দায়িত্বগুলো হলো:
১. সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন
২. সংবাদের সঠিক বিশ্লেষণ
৩. শ্রোতাদের চাহিদাকে গুরুত্ব দেয়া
৪. আদর্শ ও সুস্থ সমাজ ব্যবস্থা গঠনে ভূমিকা রাখা
১৯৮২ সালের ১৭ এপ্রিল রেডিও তেহরান তার যাত্রা শুরুর পর থেকে অদ্যাবধি একটি সফল গণমাধ্যম হিসেবে তার দায়িত্ব সঠিকভাবে পালন করে আসছে। রেডিও তেহরান সংবাদ পরিবেশনের পাশাপাশি সংবাদের নিরপেক্ষ বিশ্লেষণ করে শ্রোতাদের তা উপলব্ধি করার জন্য দারুণ সহায়তা করছে। আবার, বাংলাদেশের অধিকাংশ গণমাধ্যম পশ্চিমা সমর্থিত গণমাধ্যম থেকে সংবাদ সংগ্রহ করে বিধায় আমরা বেশিরভাগ সময় একপেশে সংবাদ শুনি ও পশ্চিমাদের দৃষ্টিকোণ থেকে করা বিশ্লেষণের সাথে পরিচিত হতে হয়। এতে করে, প্রকৃত ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রাপ্তি থেকে আমরা বঞ্চিত হই।
কিন্তু, রেডিও তেহরান এক্ষেত্রে অনন্য। পশ্চিমা বিশ্বের জাঁকজমকপূর্ণ শো-অফ করা জীবন ও সমাজ ব্যবস্থার আড়ালে যে কুৎসিত চিত্র রয়েছে তা একমাত্র রেডিও তেহরান ফলাও করে প্রচার করে। এছাড়াও নীতি নৈতিকতা বিবর্জিত রাজনৈতিক ও সামাজিক ব্যবস্থার সঠিক তথ্যচিত্র ও পরিসংখ্যান রেডিও তেহরান ‘পাশ্চাত্যে জীবনব্যবস্থা’ নামক ফিচারের মাধ্যমে নিয়মিত প্রচার করে। এতে করে, তরুণ প্রজন্মের কাছে সঠিক বার্তা পৌঁছে এবং তারা বিভ্রান্ত হওয়া থেকে রক্ষা পায়।
অন্যদিকে, শিশু ও তরুণ প্রজন্মই একটি দেশের তথা পৃথিবীর ভবিষ্যৎ। তাদেরকে সঠিক শিক্ষায় শিক্ষিত করা, নীতি নৈতিকতা ও মূল্যবোধ শিক্ষা দেয়া, ধর্মীয় অনুশাসন এবং বিধিনিষেধ মেনে চলতে অনুপ্রেরণা দেয়া একান্ত কর্তব্য। রেডিও তেহরান এক্ষেত্রেও অসামান্য ভূমিকা রেখে যাচ্ছে। যেমন, শিশু কিশোরদের জন্য রংধনু আসর। তবে, সব বয়সী শ্রোতাদের কাছেই জনপ্রিয় ও গ্রহণযোগ্য। আবার, আসমাউল হুসনা, কুরআনের আলো, স্বাস্থ্যকথা ইত্যাদি অনুষ্ঠান সব শ্রোতাদের মানসিক উন্নতিতেও ভূমিকা পালন করছে। সেই সাথে শ্রোতাদের সাথে রেডিও তেহরানের যে সুসম্পর্ক রয়েছে তাতে একে শ্রোতাবান্ধব গণমাধ্যম বলতে কোন দ্বিধা নেই।
মোটা দাগে বলতে গেলে, রেডিও তেহরান একটি সফল পূর্ণাঙ্গ ও আদর্শ গণমাধ্যম হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। এজন্যই বাংলাদেশসহ বিশ্বের যেসব স্থানে বাংলাভাষী মানুষ বসবাস করছেন রেডিও তেহরানের ধ্বনি সেখানেই পৌঁছে যাচ্ছে। রেডিও তেহরানকে বৈচিত্র্যময় ও নান্দনিক করতে যারা কাজ করে যাচ্ছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। মূলত, রেডিও তেহরানের সাথে সংশ্লিষ্ট সকলের ডেডিকেশন ও সৃজনশীল কর্যক্রমের জন্যই রেডিও তেহরান শ্রোতাদের আস্থার জায়গায় পরিণত হয়েছে।
রুশিয়া জামান রত্না
গ্রাম- গোলড়া, পোস্ট- কৈট্টা
উপজেলা- সাটুরিয়া, জেলা- মানিকগঞ্জ, বাংলাদেশ।
পার্সটুডে/আশরাফুর রহমান/২৭