‘ফিলিস্তিন ইস্যুতে ইরান ও রেডিও তেহরানের ভূমিকা সত্যিই প্রশংসনীয়’
প্রিয় মহোদয়, আসসালামু আলাইকুম। আমার প্রীতি ও শুভেচ্ছা জানবেন। বিশ্ব এক ভয়াবহ দুঃসময় অতিক্রম করছে। এসময় আমাদের হৃদয়েও রক্তক্ষরণ হচ্ছে। কেননা সকল মানবতা ও রীতিনীতি উপেক্ষা করে ইসরাইল নামক একটি সন্ত্রাসী রাষ্ট্র ফিলিস্তিনের মুসলিম ভাইদের নির্বিচারে হত্যা করছে।
বিশেষ করে নারী ও শিশুরা হত্যার শিকার হচ্ছে বেশি। কিন্তু ইসরাইলের এ ববর্র হত্যাকাণ্ড বিশ্ব বিবেককে মোটেও নাড়া দিতে পারছে না। শুধু তাই নয়, আমেরিকা, ইউরোপের মত গণতন্ত্রের ধ্বজাধারী ও ‘বিবেকবান’ রাষ্ট্রগুলো শুধু নীরবই থাকছে না, বরং এসব হত্যাকাণ্ডকে সমর্থন করে যাচ্ছে।
আমেরিকা-ইউরোপের এরূপ অমানবিক ও বিবেকবর্জিত আচরণে আমরা হতাশ হলেও বিস্মিত হইনি। কেননা, আমরাতো জানি তাদের মানবতাবোধ শুধু ইহুদি-খ্রিস্টানদের বেলায় প্রযোজ্য। রাষ্ট্রীয়ভাবে এরা মুসলমানদেরকে মানুষই মনে করে না।
আমার দুঃখ মুসলিম রাষ্ট্রগুলোও কি ফিলিস্তিনের মুসলমানদেরকে মানুষ মনে করে না? মনে করলে কেন তারা ইসরাইলি হত্যাযজ্ঞের বিরুদ্ধে কথায় ও কাজে যথাযথ পদক্ষেপ নেয়নি? আশ্চর্যের ব্যাপার হল, একমাত্র ইরান ছাড়া আর কোন মুসলিম রাষ্ট্র আমাদের ফিলিস্তিনি ভাইদের পাশে সেভাবে দাঁড়ায়নি।
ইরান কথায় ও কাজে নানাভাবে ফিলিস্তিনকে সহযোগিতা করে আসছে। প্রযুক্তি, অর্থ ও অস্ত্র দিয়ে তাদের সাহায্য করছে। এর বিপরীতে অপরাপর মুসলিম রাষ্ট্রগুলোর কোন কোনটি এ হত্যাকাণ্ডের শুধু নিন্দা জানিয়ে তাদের দায়িত্ব শেষ করেছে, কেউ কেউ নিন্দা জানাতেও অপারগতা প্রকাশ করেছে। আবার কোন কোন মুসলিম রাষ্ট্রের শাসকগণ ফিলিস্তিনের পক্ষে মায়াকান্না দেখিয়ে নিজ দেশে নিজের ক্ষমতা পাকাপোক্ত করার পাঁয়তারা করছে। মুসলিম দেশগুলোর এহেন ভূমিকার নিন্দা জানাই। সাথে সাথে ইরানের দরদী ও সাহসী ভূমিকার জন্য কৃতজ্ঞতাও জানাই।
অন্যদিকে আল-আকসা ও ফিলিস্তিনে ইসরাইলের গণহত্যা প্রসঙ্গে বিশ্ব গণমাধ্যমের ভূমিকায়ও আমরা ক্ষুব্ধ, মর্মাহত। সংবাদ মাধ্যমের তো কারো তাঁবেদারি করার কথা নয়। কিন্তু পশ্চিমা গণমাধ্যমগুলো ফিলিস্তিন ইস্যুতে নির্মোহ খবর প্রচার করতে ব্যর্থ হয়েছে। তবে বিশ্ববাসী সঠিক খবর পাওয়া থেকে বঞ্চিত হয়নি। তাদের শূন্যস্থান পুরণ করেছে আল-জাজিরা, রেডিও তেহরান (আইআরআইবি) ও সামাজিক যোগাযোগ মাধ্যম। বিশেষ করে, ফিলিস্তিন ইস্যুতে রেডিও তেহরানের ইতিবাচক ভূমিকায় আমরা মুগ্ধ! কেননা, একদিকে রেডিও তেহরান বিশ্ববাসীর কাছে ইসরাইলি হত্যাযজ্ঞ তুলে ধরছে, অন্যদিকে ফিলিস্তিনি যোদ্ধাদের মনোবল বাড়াতে কাজ করে যাচ্ছে। শুধু তাই নয়, এ বর্বর হত্যাকাণ্ডের বিরুদ্ধে বিশ্ব বিবেককে জাগ্রত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে রেডিও তেহরান, আবার বিশ্বের নানা প্রান্তে থাকা মুসলমানদেরকে ফিলিস্তিনের পক্ষে দাঁড়াতে উৎসাহ-উদ্দীপনা দিয়ে যাচ্ছে।
অধিকন্তু, রেডিও তেহরান বাংলা বিভাগের সকল কর্মকর্তাগণ ফিলিস্তিন ইস্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যমে খুবই সক্রিয়। তাদের এ প্রচেষ্টা সত্যিই প্রশংসনীয়।
মোঃ শাহাদত হোসেন
সহকারী অধ্যাপক, ভূগোল ও পরিবেশ বিভাগ
গুরুদয়াল সরকারি কলেজ, কিশোরগঞ্জ।
পার্সটুডে/আশরাফুর রহমান/১৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।