‘আমিই অভিযানের নেতৃত্ব দেব’: যুদ্ধবাজ নেতানিয়াহু
-
ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু (মাঝে)
ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইসরাইলের জনগণকে সমালোচনা ও গুঞ্জন বন্ধ করার আহ্বান জানিয়ে বলেছেন, “তিনি নিজেই অভিযানের নেতৃত্ব দিতে পারবেন।”
ইসরাইলের যুদ্ধমন্ত্রী মোশে ইয়ালোন পদত্যাগ করার পর জনগণের মধ্যে নানা গঞ্জন শুরু হয়েছে। ইয়ালোনের বিদায়ের পর এ পদে নেতানিয়াহু আরেক যুদ্ধবাজ নেতা এভিগদোর লিবারম্যানকে নিয়োগ দিয়েছেন।
গতকাল (রোববার) নেতানিয়াহু বলেছেন, “আমিই একজন কর্মকর্তা ও সেনা হিসেবে যুদ্ধ করেছি। আমি যুদ্ধ করতে গিয়ে আহত হয়েছি। আমি নিজেই ইসরাইলের নিরাপত্তা দেখব।” ইসরাইলের সংবাদপত্র ‘দ্যা টাইমস অব ইসরাইল’ এক প্রতিবেদনে এ কথা জানিয়েছে।
সম্প্রতি, নেতানিয়াহুর ওপর আস্থা হারিয়ে মোশে ইয়ালোন ইসরাইলের সংসদ নেসেট এবং মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন। এরপর পররাষ্ট্রমন্ত্রী লিবারম্যানকে যুদ্ধমন্ত্রী হিসেবে নিয়োগ দেন নেতানিয়াহু। তার নিয়োগের পর ইসরাইলের লোকজন ব্যাপক সমালোচনা শুরু করেছেন। অনেকে আশংকা করছেন, নেতানিয়াহু নতুন করে হামাস কিংবা হিজবুল্লাহর বিরুদ্ধে যুদ্ধ শুরু করতে পারেন। অনেকে এও মনে করছেন, ইসরাইল আর বসবাসের উপযোগী থাকবে না।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৩