৩ ফিলিস্তিনি হত্যার প্রতিশোধ নেয়ার অঙ্গীকার
https://parstoday.ir/bn/news/west_asia-i103596-৩_ফিলিস্তিনি_হত্যার_প্রতিশোধ_নেয়ার_অঙ্গীকার
অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরে ইহুদিবাদী ইসরাইলের গুপ্ত হামলার শিকার তিন ফিলিস্তিনির হত্যার বদলা নেয়ার অঙ্গীকার ব্যক্ত করেছে আল-আকসা শহীদ ব্রিগেড।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
ফেব্রুয়ারি ০৯, ২০২২ ১০:১৭ Asia/Dhaka

অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরে ইহুদিবাদী ইসরাইলের গুপ্ত হামলার শিকার তিন ফিলিস্তিনির হত্যার বদলা নেয়ার অঙ্গীকার ব্যক্ত করেছে আল-আকসা শহীদ ব্রিগেড।

গতকাল (মঙ্গলবার) নাবলুস শহরে ইসরাইলি বাহিনীর হাতে ওই তিন ফিলিস্তিনি শহীদ হন। তাদের দাফন অনুষ্ঠানে পশ্চিম তীরের হাজার হাজার মানুষ অংশ নেন।

ফিলিস্তিনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, নাবলুস শহরের আল-মাখফিয়া এলাকায় এই বর্বর হত্যাকাণ্ড সংঘটিত হয়। তিন ফিলিস্তিনকে শহীদ করার পর অন্য একজনকে ধরে নিয়ে গেছে ইহুদিবাদী বাহিনী।

ফিলিস্তিনি নম্বরপ্লেটসহ একটি বেসামরিক গাড়ি নিয়ে ইসরাইলের গুপ্ত বাহিনী অন্য একটি গাড়ির ওপর গুলিবর্ষণ শুরু করে। এতে ওই তিন ফিলিস্তিনি শহীদ হন। নিহত তিন ফিলিস্তিন পশ্চিম তীর-ভিত্তিক আল-আকসা শহীদ ব্রিগেডের সদস্য বলে নিশ্চিত করেছে সংগঠনটি।

এদিকে, ইসরাইলের দৈনিক হারেৎজ পত্রিকা দাবি করেছে, নিহত ফিলিস্তিনিরা গত কয়েক সপ্তাহ ধরে ইসরাইলিদের ওপর গুলিবর্ষণের ঘটনায় জড়িত ছিলেন। পশ্চিম তীর ভিত্তিক ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের স্বাস্থ্য মন্ত্রণালয় একে হত্যাকাণ্ড বলে মন্তব্য করেছে।

অন্যদিকে, গাজাভিত্তিক ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস এ হত্যাকাণ্ডের প্রতিক্রিয়ায় ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলনগুলোকে ঐক্যবদ্ধ হয়ে সমুচিত জবাব দেয়ার আহ্বান জানিয়েছে।#

পার্সটুডে/এসআইবি/এআর/৯