আরো ২ ফিলিস্তিনিকে হত্যা করল ইহুদিবাদী সেনারা
https://parstoday.ir/bn/news/west_asia-i106630-আরো_২_ফিলিস্তিনিকে_হত্যা_করল_ইহুদিবাদী_সেনারা
অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরের জেনিন শহরে ইহুদিবাদী ইসরাইলি সেনাদের গুলিতে আরো দুই ফিলিস্তিনি তরুণ শহীদ হয়েছেন। এ নিয়ে এক সপ্তাহে ইহুদিবাদীদের হাতে অন্তত ১০ জন ফিলিস্তিনি শহীদ হলেন।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
এপ্রিল ১৪, ২০২২ ১৩:৪০ Asia/Dhaka
  • শাস কামামজি (বামে) ও মুস্তাফা আবু আরুব
    শাস কামামজি (বামে) ও মুস্তাফা আবু আরুব

অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরের জেনিন শহরে ইহুদিবাদী ইসরাইলি সেনাদের গুলিতে আরো দুই ফিলিস্তিনি তরুণ শহীদ হয়েছেন। এ নিয়ে এক সপ্তাহে ইহুদিবাদীদের হাতে অন্তত ১০ জন ফিলিস্তিনি শহীদ হলেন।

আজ (বৃহস্পতিবার) এক বিবৃতিতে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, দিনের প্রথম দিকে জেনিন শহরে ইহুদিবাদী সেনাদের সহিংস হামলায় দুই তরুণ শহীদ হন। নিহতদের একজন হলেন শাস কামামজি এবং অন্যজনের নাম মুস্তাফা আবু আরুব।

শাস কামামজি হলেন ইসরাইলের কথিত নিশ্ছিদ্র নিরাপত্তায় ঢাকা জিলবোয়া কারাগার ভেঙে পালানো আইহাম কামামজির ভাই। গত সেপ্টেম্বর মাসে ওই কারাগার ভেঙে বেশ কয়েকজন ফিলিস্তিনি বন্দী পালিয়েছিলেন। এসব বন্দীকে বছরের পর বছর বিনা বিচারে আটকে রেখেছিল ইসরাইল।

ইসরাইলি সেনাদের সঙ্গে ফিলিস্তিনিদের সংঘর্ষ

আজকের হামলায় শহীদ মুস্তাফা আবু আরুবের বাড়ি দক্ষিণ জেনিনের মিসিলিয়াহ গ্রামে। ফিলিস্তিনের ওয়াফা নিউজ এজেন্সি জানিয়েছে, জেনিন শহরের উত্তর ও উত্তর-পশ্চিম দিক দিয়ে আল-উয়াউম ও কাফর দান এলাকায় বহু ইসরাইলি সেনা প্রবেশ করে এবং ফিলিস্তিনের ওপর হামলা চালায়। এ সময় ফিলিস্তিনিরাও সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে ছয় ফিলিস্তিনি আহত হন যার মধ্যে একজনের অবস্থা আশংকাজনক।

এছাড়া, নিহত কামামজির তিন ভাইকে আটক করে ইহুদিবাদীরা। পবিত্র রমজান মাস শুরুর প্রথম থেকে ইসরাইলি সেনারা ফিলিস্তিনে নানা অজুহাতে একের পর হামলা চালিয়ে যাচ্ছে।#

পার্সটুডে/এসআইবি/১৪