ফিলিস্তিনিদের সঙ্গে সংঘর্ষে এক মেজরের প্রাণহানির কথা স্বীকার করল ইসরাইল
https://parstoday.ir/bn/news/west_asia-i113252-ফিলিস্তিনিদের_সঙ্গে_সংঘর্ষে_এক_মেজরের_প্রাণহানির_কথা_স্বীকার_করল_ইসরাইল
অধিকৃত পশ্চিম তীরের জেনিন শহরের কাছে ফিলিস্তিনিদের সঙ্গে সংঘর্ষে ইসরাইলের সেনাবাহিনীর একজন মেজর নিহত হওয়ার কথা স্বীকার করেছে তেল আবিব।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
সেপ্টেম্বর ১৪, ২০২২ ১৬:৪৫ Asia/Dhaka
  • ইসরাইলি সেনা (ফাইল ছবি)
    ইসরাইলি সেনা (ফাইল ছবি)

অধিকৃত পশ্চিম তীরের জেনিন শহরের কাছে ফিলিস্তিনিদের সঙ্গে সংঘর্ষে ইসরাইলের সেনাবাহিনীর একজন মেজর নিহত হওয়ার কথা স্বীকার করেছে তেল আবিব।

ইসরাইলি সামরিক বাহিনী বলেছে, জেনিনের কাছাকাছি জালামা  বা গিলবোয়া সামরিক তল্লাশি চৌকি সংলগ্ন এলাকায় সন্দেহভাজনদের গ্রেপ্তারে অভিযান পরিচালনার সময় সৈন্যদের লক্ষ্য করে গুলির ঘটনা ঘটে। এ সময় ইসরাইলি সামরিক বাহিনীর একজন মেজর প্রাণ হারায়। নিহত ঐ দখলদার সেনার নাম বার ফালাহ।

পশ্চিম তীরের ফাতাহ সংগঠন বলেছে, ইসরাইলি সেনাদের সঙ্গে সংঘর্ষে দুই ফিলিস্তিনি শহীদ হয়েছেন। শহদি দুই ফিলিস্তিনি তাদের সশস্ত্র শাখা আল-আকসা শহীদ ব্রিগেডের সদস্য বলে সংগঠনটি জানিয়েছে। আজকের সংঘর্ষে শহীদ দুই ফিলিস্তিনির একজন আহমাদ আয়মান আবেদ (২৩) এবং অন্যজন আব্দুল রহমান হানি আবেদ (২২)।

অধিকৃত পশ্চিম তীরের জেনিন এবং নাবলুসে ইসরাইলি সৈন্যরা প্রায়ই রাত্রিকালীন অভিযান পরিচালনা করছে। এ সময় নিরীহ ফিলিস্তিনিদের তারা হত্যা করছে।

সম্প্রতি জেনিন ও নাবলুসে ফিলিস্তিনি সশস্ত্র প্রতিরোধ আন্দোলন আরও সংগঠিত হচ্ছে এবং যোদ্ধাদের নতুন দল গঠিত হচ্ছে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, বুধবারের অভিযানে শহদি দুজনসহ চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত ইসরাইলি সৈন্যরা ১৪৮ ফিলিস্তিনিকে হত্যা করেছে। তাদের মধ্যে ৯৭ জন অধিকৃত পশ্চিম তীরের এবং ৫১ জন অবরুদ্ধ গাজা উপত্যকার বাসিন্দা।#

পার্সটুডে/এসএ/১৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।