'ফিলিস্তিনিদের ওপর ইসরাইলের নিষেধাজ্ঞা সহিংসতাকে উসকে দেবে'
সব ফিলিস্তিনিকে ইসরাইলে প্রবেশের ওপর তেল আবিব সরকার যে নিষেধাজ্ঞা দিয়েছে তাতে সহিংসতা আরো বাড়তে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জিন মার্ক আইরাউ।
গতকাল (শুক্রবার) পররাষ্ট্রমন্ত্রী মার্ক বলেন, হাজার হাজার ফিলিস্তিনিকে ইসরাইলে প্রবেশের ওপর দেশটির কর্তৃপক্ষ যে বাধা দিচ্ছে তা উত্তেজনাকে আরো উসকে দেবে। ফলে এতে সহিংসতা আরো বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে।
গত (বুধবার) ইসরাইলের কেন্দ্রীয় সামরিক দপ্তরের কাছে দু'টি খোলা রেস্তোঁরায় চালানো পৃথক হামলায় চার ইসরাইলি নিহত এবং আরো ১৬ জন আহত হওয়ার পর ইসরাইল এই সিদ্ধান্ত নিয়েছে।
গত বৃহস্পতিবার ইসরাইল ফিলিস্তিনিদের ভ্রমণের ওপর কড়াকড়ি আরোপ করার পাশাপাশি অধিকৃত পশ্চিম তীরে অতিরিক্ত সেনা পাঠিয়েছে। নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে অবরুদ্ধ গাজায় ফিলিস্তিনিদের সফরের ৮৩ হাজার অনুমতি-পত্র বাতিল করা যাতে তারা পশ্চিম তীর থেকে গাজায় গিয়ে তাদের আত্মীয়-স্বজনের সঙ্গে দেখা না করতে পারে। রমজান মাসে গাজাবাসীকে পশ্চিম তীরে ও বিশেষ করে মুসলমানদের প্রথম কিবলা আল-আকসা মসজিদে ঢুকতে না দেয়াও নিষেধাজ্ঞার আওতায় রয়েছে।
ইহুদিবাদী ইসরাইলের একজন সেনা মুখপাত্র গতকাল বলেন, আগামী রোববার মধ্যরাত পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।
জাতিসংঘ এক বিবৃতিতে ইসরাইলের এই সিদ্ধান্তের নিন্দা জানিয়ে বলেছে, গণহারে দেয়া এই ধরনের শাস্তি অবিচারের মাত্রাকে বাড়িয়ে দেয়ার পাশাপাশি ফিলিস্তিনিদের মধ্যে আরো হতাশার জন্ম দেবে।#
পার্পটুডে/বাবুল আখতার/১১