হিজবুল্লাহ ভয়াবহ আঘাত হানতে সক্ষম: ইসরাইলি মন্ত্রী
ইহুদিবাদী ইসরাইলের তথ্য ও যোগাযোগ বিষয়ক মন্ত্রী ইজরায়িল কাটজ বলেছেন, লেবাননের হিজবুল্লাহ ইসরাইলের বিমানবন্দর, নৌ- বন্দর ও জ্বালানি-কেন্দ্রসহ অবকাঠামোগত নানা স্থাপনার ওপর ভয়াবহ আঘাত হানার ক্ষমতা রাখে।
তিনি বলছেন, হিজবুল্লাহর সঙ্গে একটি বড় ধরনের বা দীর্ঘ যুদ্ধে জড়ানোর ক্ষমতা ইসরাইলের নেই ও এ ধরনের যুদ্ধে জড়ানোও উচিত হবে না তেলআবিবের। তাই হিজবুল্লাহর সঙ্গে সম্ভাব্য যুদ্ধকে সংক্ষিপ্ত করার জন্য লেবাননের যে কোনো টার্গেটের ওপর ব্যাপক গোলা বর্ষণ করতে হবে ইসরাইলকে।
প্রশ্ন হল, ইসরাইলি মন্ত্রীর এই বক্তব্য কী হিজবুল্লাহর শক্তি সম্পর্কে অকপট স্বীকারোক্তি না হিজবুল্লাহ সম্পর্কে আতঙ্ক ছড়ানোর চেষ্টা?
ইসরাইলি কর্মকর্তারা প্রায়ই হিজবুল্লাহর ব্যাপক ক্ষমতা ও শক্তি সম্পর্কে স্বীকারোক্তি করে আসছেন। হিজবুল্লাহ সম্পর্কে আতঙ্ক ছড়িয়ে দেয়ার একটা চেষ্টাও হয়তো এর অন্যতম লক্ষ হতে পারে।
সম্প্রতি ইসরাইলের একটি বড় দলের প্রধান ইয়তসহাক হার্তসুগ হিজবুল্লাহর সঙ্গে আবারও একটি যুদ্ধ আসন্ন- এমন বক্তব্য প্রচারকারী ইসরাইলি নেতাদের সতর্ক করে দিয়ে বলেছেন, যুদ্ধ মানে খেলা নয়, কারো কারো বেপরোয়া আচরণ ঠিক নয় এবং চিন্তাভাবনা না করে তড়িঘড়ি কোনো সিদ্ধান্ত নেয়া ঠিক হবে না।
এটা স্পষ্ট লেবাননের জনপ্রিয় ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর সঙ্গে কয়েকটি যুদ্ধে, বিশেষ করে ২০০৬ সালের যুদ্ধে ইসরাইল ভয়াবহ বিপর্যয়ের শিকার হয়েছিল। তাই হিজবুল্লাহর ব্যাপক শক্তিমত্তা সম্পর্কে ইসরাইলি কর্মকর্তাদের স্বীকারোক্তি কোনো নতুন বিষয় নয়।
বিশ্লেষকদের কেউ কেউ বলছেন, এইসব বক্তব্য রাখার মধ্য দিয়ে ইসরাইলি কর্মকর্তারা ইরানের গুরুত্বপূর্ণ মিত্র-শক্তি হিজবুল্লাহ সম্পর্কে আতঙ্ক ছড়িয়ে দিয়ে প্রতিক্রিয়াশীল আরব সরকারগুলোকে আরও বেশি কাছে পেতে চায় এবং তাদেরকে ইরানের বিরুদ্ধেও উত্তেজিত করতে চায়।
গত চার মাসে ইসরাইল ও মার্কিন সরকারের সহযোগী এইসব আরব সরকার হিজবুল্লাহর ওপর অর্থনৈতিক ও মিডিয়ার নিষেধাজ্ঞাসহ নানা নিষেধাজ্ঞা চাপিয়ে দিয়েছে এবং এমনকি তারা জনপ্রিয় এ আন্দোলনকে সন্ত্রাসী বলেও অপবাদ দিয়েছে। তবে এটা স্পষ্ট যে হিজবুল্লাহর বিরুদ্ধে এইসব অপতৎপরতা সত্ত্বেও ইসরাইলি নেতাদের ঘুম হারাম হয়ে গেছে হিজবুল্লাহর ক্রমবর্ধমান শক্তিমত্তার কারণে। তারা এটাও বলছে যে, হিজবুল্লাহ সিরিয়ার যুদ্ধে জড়িয়ে ব্যাপক অভিজ্ঞতা অর্জন করেছে এবং তার অস্ত্র-ভাণ্ডারে যুক্ত হয়েছে আরও অনেক নতুন কৌশলগত অত্যাধুনিক অস্ত্র।#
পার্সটুডে/মু. আ. হুসাইন/১৭