তেল আবিবে শাহাদাৎপিয়াসী হামলা স্বাভাবিক প্রতিক্রিয়া মাত্র: হামাস
-
আব্দুল লতিফ আল কানু
ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের মুখপাত্র আব্দুল লতিফ আল কানু বলেছেন, তেল আবিবে ফিলিস্তিনির শাহাদাৎপিয়াসী হামলা ইসরাইলের অব্যাহত অপরাধযজ্ঞের বিষয়ে স্বাভাবিক প্রতিক্রিয়া। একইসঙ্গে এটা দখলদার ইসরাইলের প্রতি ফিলিস্তিনিদের মারাত্মক ক্ষোভের বহিঃপ্রকাশ।
তেল আবিবে গতকালের শাহাদাৎপিয়াসী হামলার পর তিনি এ কথা বলেছেন।
হামাস মুখপাত্র আরও বলেছেন, ইসরাইলকে তার ক্রমবর্ধমান অপরাধের জন্য মূল্য দিতে হবে এবং পবিত্র বায়তুল মুকাদ্দাসকে রক্ষার অংশ হিসেবেই এই অভিযান চালানো হয়েছে।
ইসরাইলি পুলিশ জানায়, গতকাল (শনিবার) তেল আবিবের মন্টেফিওরে স্ট্রিটে এক ফিলিস্তিনির অভিযানে এক ইসরাইলি পুলিশ নিহত ও দুই জন আহত হয়েছে। পুলিশ দাবি করেছে, হামলাকারীকে হত্যা করা হয়েছে এবং শহরের বাসিন্দাদেরকে সতর্ক থাকতে বলা হয়েছে। এছাড়া, যেকোনো ধরনের সন্দেহজনক তৎপরতার ব্যাপারে খবর দেয়ার অনুরোধ জানিয়েছে পুলিশ।
পুলিশ বলছে, ঘটনাস্থলে পৌঁছে তারা হামলার শিকার চল্লিশ বছর বয়সি ওই ব্যক্তিকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে এবং তাকে হাসপাতালে নেয়ার পর মৃত ঘোষণা করা হয়। অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরে দুই ফিলিস্তিনিকে ইহুদিবাদী সেনারা গুলি করে হত্যা করার একদিন পর তেল আবিবে এই হত্যাকাণ্ড ঘটল। এর মধ্যে ১৮ বছরের এক তরুণকে খুব কাছ থেকে গুলি করে হত্যা করেছে ইহুদিবাদী সেনারা।
ইসরাইলি বাহিনী প্রায় নিয়মিতভাবে ফিলিস্তিনের বিভিন্ন শহর ও গ্রামে বর্বর হামলা চালাচ্ছে এবং সাম্প্রতিক দিনগুলোতে ফিলিস্তিনি জনগণের উপর হত্যাযজ্ঞ বেড়ে চলেছে। চলতি বছর এ পর্যন্ত ইসরাইলি সেনাদের বর্বর হামলায় ২০০'র বেশি ফিলিস্তিনি শহীদ হয়েছেন।#
পার্সটুডে/এসএ/৬
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন