ইসরাইলের জন্য সামনের দিনগুলো হবে আরো বেশি বিভীষিকাময়: ইরান
https://parstoday.ir/bn/news/west_asia-i131780-ইসরাইলের_জন্য_সামনের_দিনগুলো_হবে_আরো_বেশি_বিভীষিকাময়_ইরান
ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান বলেছেন, অবরুদ্ধ গাজা উপত্যকার ওপর ইসরাইলের পাশবিক গণহত্যা চলমান থাকা সত্ত্বেও ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা আগ্রাসী বাহিনীর জন্য যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি ক্রমবর্ধমান হারে দুর্বিসহ করে তুলেছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ডিসেম্বর ০৭, ২০২৩ ০৬:২৬ Asia/Dhaka
  •  ইসরাইলের জন্য সামনের দিনগুলো হবে আরো বেশি বিভীষিকাময়: ইরান

ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান বলেছেন, অবরুদ্ধ গাজা উপত্যকার ওপর ইসরাইলের পাশবিক গণহত্যা চলমান থাকা সত্ত্বেও ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা আগ্রাসী বাহিনীর জন্য যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি ক্রমবর্ধমান হারে দুর্বিসহ করে তুলেছেন।

তিনি গতকাল (বুধবার) কাতারের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ বিন আবদুর রহমান বিন জাসিম আলে সানির সঙ্গে এক ফোনালাপে এ মন্তব্য করেন। তিনি বলেন, এখন পর্যন্ত দখলদার ইসরাইলি বাহিনীর আগ্রাসন শক্ত হাতে প্রতিহত করেছে প্রতিরোধ সংগঠনগুলো।

ইরানের শীর্ষ কূটনীতিক বলেন, যুদ্ধের পরিস্থিতি যেভাবে এগুচ্ছে তাতে আগ্রাসী ইসরাইলি সেনাদের জন্য সামনের দিনগুলো হবে আরো বেশি বিভীষিকাময়।

ইসরাইলের চলমান বর্বর আগ্রাসন মোকাবেলায় প্রতিরোধ যোদ্ধারা বড় রকমের প্রতিরক্ষা পরিকল্পনার ছক এঁকেছেন বলে একজন হামাস নেতা মন্তব্য করার পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী এই ভবিষ্যদ্বাণী করলেন।

হামাসের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রধান আলী বারাকা মঙ্গলবার লেবাননের আল-অহেদ নিউজ ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, “আমরা নিশ্চিত যে, এই যুদ্ধে আমরা বিজয়ী হবো। আমরা ফিলিস্তিনি নাগরিকদের আশ্বস্ত করছি যে, প্রতিরোধ ফ্রন্টের কাছে সমস্ত ফিলিস্তিনি বন্দিকে মুক্ত করার প্রয়োজনীয় শক্তি রয়েছে।”

বুধবারের ফোনালাপে ইরান ও কাতারের পররাষ্ট্রমন্ত্রীরা অবরুদ্ধ গাজা উপত্যকার নারী ও শিশুদের ওপর ইসরাইলি সন্ত্রাসী সেনাদের ভয়াবহ গণহত্যা অভিযানের তীব্র নিন্দা জানান। তারা গাজা যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ করার জন্য জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস যে প্রচেষ্টা চালাচ্ছেন তার প্রতি সমর্থন জানান।#

পার্সটুডে/এমএমআই/এনএম/৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।