লেবাননের জন্য সত্যিকারের হুমকি তৈরি করেছে দায়েশ: হিজবুল্লাহ
-
হিজবুল্লাহর নির্বাহী পরিষদের উপ প্রধান নাবিল কাউক
লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর নির্বাহী পরিষদের উপ প্রধান নাবিল কাউক উদ্বেগ প্রকাশ করে বলেছেন, লেবাননের উত্তর-পূর্বাঞ্চলীয় সীমান্তে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশ সত্যিকারের ঝুঁকি তৈরি করেছে। এই ঝুঁকি নস্যাতে হিজবুল্লাহর যোদ্ধারা সক্রিয় ভূমিকা পালন করছেন বলে তিনি জানান।
শেখ নাবিল বলেন, আরসাল শহরের উপকণ্ঠ ও রাস বালবেক এলাকায় উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ এবং আন-নুসরা ফ্রন্টের পক্ষ থেকে মারাত্মক, বাস্তব, পূর্ণাঙ্গ ও লাগাতার হুমকি তৈরি হয়েছে। তবে লেবাননকে দায়েশ ও ইসরাইলি হুমকি থেকে রক্ষার জন্য হিজবুল্লাহ যোদ্ধা ও দেশটির সেনাবাহিনীর মধ্যকার চমৎকার সমন্বয়ের প্রশংসা করেন নাবিল কাউক।
তিনি জোর দিয়ে বলেন, হিজবুল্লাহ ও লেবাননের সেনাবাহিনীর মধ্যে এই সহযোগিতার কারণে লেবানন এমন কিছু অর্জন করেছে যা অনেক আন্তর্জাতিক জোটও ইরাক ও সিরিয়ায় অর্জন করতে পারে নি। শনিবার লেবানন সীমান্তে দায়েশের এক কুখ্যাত কমান্ডার নিহত হওয়ার একদিন পর শেখ নাবিল কাউক এসব কথা বললেন।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/৩