সৌদিতে মার্কিন নাগরিকদের ‘সম্ভাব্য হুমকি’র বিষয়ে সতর্ক করা হলো
সৌদি আরবে বসবাসরত মার্কিন নাগরিকদেরকে ‘সম্ভাব্য হুমকি’র বিষয়ে সতর্ক করেছে আমেরিকার পররাষ্ট্র দফতর। পরবর্তী বিজ্ঞপ্তি না দেয়া পর্যন্ত তাদেরকে বাড়তি সতর্কতা গ্রহণের পরামর্শ দেয়া হয়েছে।
এক বিবৃতিতে বলা হয়েছে, সৌদি আরবের বন্দরনগরী জেদ্দার রেস্টুরেন্ট, বাজার, বিপণী কেন্দ্রসহ যে সব এলাকায় পশ্চিমারা যাতায়াত করে সেখানে মার্কিন নাগরিকদের বিরুদ্ধে হামলার হুমকি রয়েছে বলে মার্কিন দূতাবাস জানতে পেরেছে।
এ ছাড়া, বিবৃতিতে সৌদি আরব সফরের ওপর বিধি-নিষেধ আরোপ করা হয়েছে। উমরাহ্ ভিসায় যে সব মার্কিন নাগরিক সৌদি আরব সফর করছেন তাদেরকে পবিত্র মক্কা ও মদিনা শরীফ এবং জেদ্দার বাইরে যেতে নিষেধ করা হয়েছে।
অন্যান্য সৌদি শহরে বসবাসকারী মার্কিন নাগরিকদের জনাকীর্ণ এলাকা এবং পশ্চিমারা যে সব এলাকায় যাতায়াত করে তা এড়িয়ে চলতে বলা হয়েছে। বিনা অনুমতিতে ইয়েমেন সীমান্ত থেকে ৫০ মাইলের মধ্যে যেতে এবং জিযান ও নাজরান প্রদেশের শহরগুলো সফর করতে নিষেধ করা হয়েছে।
মার্কিন কর্মকর্তাদেরকে সৌদি আরবের কাতিফ নগরী এবং তার আশপাশের এলাকাসহ আওয়ামিয়াহ সফরের ওপরও বিধিনিষেধ আরোপ করা হয়েছে।
অবশ্য এতে ‘আসন্ন হুমকি’ সম্পর্কে বিস্তারিত কোনো বিবরণ দেয়া হয় নি।#
পার্সটুডে/মূসা রেজা/২২