ইরানের দক্ষিণ পার্স জ্বালানি স্থাপনায় হামলা, কঠোর হুঁশিয়ারি আইআরজিসি’র
https://parstoday.ir/bn/news/west_asia-i157896-ইরানের_দক্ষিণ_পার্স_জ্বালানি_স্থাপনায়_হামলা_কঠোর_হুঁশিয়ারি_আইআরজিসি’র
ইরানের সাউথ পার্স গ্যাসক্ষেত্রের একটি পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সে মার্কিন ইসরাইয়েলি বিমান হামলার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী।
(last modified 2026-03-18T17:29:25+00:00 )
মার্চ ১৮, ২০২৬ ২৩:০৯ Asia/Dhaka
  • লেফটেন্যান্ট কর্নেল ইব্রাহিম জুলফাকারি
    লেফটেন্যান্ট কর্নেল ইব্রাহিম জুলফাকারি

ইরানের সাউথ পার্স গ্যাসক্ষেত্রের একটি পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সে মার্কিন ইসরাইয়েলি বিমান হামলার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী।

ইরানের খাতামুল আম্বিয়া কেন্দ্রীয় কমান্ডের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল ইব্রাহিম জুলফাকারি বললেন, এটি একটি কঠোর সতর্কবার্তা তাদের জন্য যারা ইরানের দক্ষিণ পার্স জ্বালানি স্থাপনায় হামলা চালিয়েছে। এই হামলার উৎসের সব জ্বালানি, শক্তি ও গ্যাসের অবকাঠামো আগুনে পুড়ে যাবে।

তিনি বলেন, আমেরিকার সেনারা এবং ইহুদিবাদী শাসকরা বুঝে নিক, তাদের সৈন্যদের নিরাপদ রাখা এবং সম্মান রক্ষা করা অসম্ভব হবে। তোমাদের কমান্ডার ও সৈন্যদের উপর ইসলামের যোদ্ধাদের জুতা!

এর আগে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) সৌদি আরব, কাতার এবং সংযুক্ত আরব আমিরাতের পাঁচটি প্রধান তেল স্থাপনার কাছের এলাকায় বসবাসরত সাধারণ মানুষকে অবিলম্বে এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে।

ওই সব দেশের সংশ্লিষ্ট বাসিন্দাদের উদ্দেশ্যে আইআরজিসি’র জরুরি বার্তায় বলা হয়েছে, ‘অবিলম্বে এই এলাকাগুলো ত্যাগ করুন এবং কোনো বিলম্ব না করে নিরাপদ দূরত্বে সরে যান।’

এদিকে, কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি ইরানের সাউথ পার্স গ্যাসক্ষেত্রটিতে ইসরায়েলের হামলার নিন্দা জানিয়েছে কাতার। তিনি বলেন, ‘ইরানের সাউথ পার্স গ্যাসক্ষেত্রের সঙ্গে যুক্ত স্থাপনাতে ইসরায়েলের এ হামলা এই অঞ্চলের বর্তমান সামরিক উত্তেজনার মধ্যে একটি বিপজ্জনক ও দায়িত্বজ্ঞানহীন পদক্ষেপ।’ গ্যাসক্ষেত্রটি কাতারের নর্থ ফিল্ডের একটি বর্ধিত অংশ বলে জানান তিনি।

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সতর্ক করে বলেন, ‘জ্বালানি অবকাঠামোকে লক্ষ্যবস্তু করা বিশ্ব জ্বালানি নিরাপত্তার পাশাপাশি এই অঞ্চলের জনগণ এবং পরিবেশের জন্যও একটি বড় হুমকি।’

আসালুইয়েহ’র গভর্নর জানিয়েছেন, পার্স সাউথ গ্যাসক্ষেত্রের কয়েকটি ফেজে মার্কিন-ইসরায়েলি শত্রুপক্ষের নিক্ষেপিত অস্ত্র আঘাত হেনেছে। আগুন নিয়ন্ত্রণ ও ছড়িয়ে পড়া ঠেকাতে এসব ফেজ কার্যক্রম থেকে সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

তিনি জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং পার্স সাউথ ও পার্স বিশেষ অর্থনৈতিক অঞ্চলের ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। সংকট ব্যবস্থাপনা কমিটি গঠন করা হয়েছে এবং প্রয়োজনীয় সহায়তা কার্যক্রম চলমান রয়েছে।

উল্লেখ্য, ইরানের সাউথ পার্স বিশ্বের বৃহত্তম প্রাকৃতিক গ্যাসক্ষেত্র। যেখানে ইরান ও কাতার উভয় দেশের গ্যাস উত্তোলন-বিষয়ক স্থাপনা রয়েছে।

ইসরায়েলের সংবাদমাধ্যমগুলো স্থানীয় কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে জানায়, ইসরায়েলি যুদ্ধবিমান দক্ষিণ ইরানের বুশেহর প্রদেশে দেশটির গ্যাস অবকাঠামোতে এই হামলা চালিয়েছে। গত বছরের জুনে ইরানের বিরুদ্ধে ইসরায়েল–যুক্তরাষ্ট্রের ১২ দিনের যুদ্ধের সময়েও সাউথ পার্স গ্যাসক্ষেত্রে হামলা হয়েছিল।#

পার্সটুডে/এমএআর/১৮