ইসরায়েলি বিশ্লেষক: আমরা নাসরুল্লাহর সমীকরণে ফিরে গেছি
পার্সটুডে- ইসরায়েলি সূত্রগুলো হিজবুল্লাহর আত্মঘাতী ড্রোনের বিরুদ্ধে তাদের সেনাবাহিনীর ব্যর্থতা স্বীকার করেছে।
পার্সটুডে এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি চ্যানেল ১৩ জানিয়েছে—ইসরায়েলি সেনাবাহিনীর অনুমান অনুযায়ী হিজবুল্লাহর কাছে হাজার হাজার আত্মঘাতী ড্রোন রয়েছে, যার মধ্যে বেশকিছু অত্যন্ত সহজলভ্য ও সস্তা মডেল, যেগুলো ইন্টারনেট থেকে কয়েকশ ডলারে কেনা যায়।
ইসরায়েলি চ্যানেল ১২-এর বিশ্লেষক আলমোগ বুকার বলেন, “আমরা আবার নাসরুল্লাহর সেই সমীকরণে ফিরে গেছি; যেগুলো নেতানিয়াহু ও কাতজ বিলুপ্ত হওয়ার কথা বলেছিলেন।”
ইসরায়েলি মিডিয়া বিশ্লেষক আভি আশকেনাজি বলেন, লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের সামনে ইসরায়েলি সেনাদের পিছু হটার ফলে এবং তারা ইসরায়েলের ভেতরে ফিরে যাওয়ার কারণে সেনাবাহিনীর জন্য পরিস্থিতি কঠিন হয়ে উঠেছে। তিনি বলেন, সেনাপ্রধান আইয়াল জামির ঠিক করেছেন আরও সেনা লেবানন থেকে সরিয়ে নেওয়া হয়েছে, যাতে তারা হিজবুল্লাহর সহজ লক্ষ্য না হয়।
এদিকে, সাবেক ইসরায়েলি প্রধানমন্ত্রী নাফতালি বেনেট সতর্ক করে বলেছেন, লেবাননে ইসরায়েলি সেনারা এখন “শিকারি” থেকে “শিকারে” পরিণত হচ্ছে।
অন্যদিকে, ইসরায়েলি গণমাধ্যম দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর ড্রোন হামলায় এক সেনা নিহত ও কয়েকজন আহত হওয়ার বিষয়টি স্বীকার করেছে এবং জানিয়েছে, আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক।
প্রতিবেদনে বলা হয়েছে, গত কয়েক দিনে হিজবুল্লাহর ড্রোন হামলায় এটি তৃতীয় ইসরায়েলি সেনা নিহত হওয়ার ঘটনা।#
পার্সটুডে/এস এ/২
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন