ইরাকের মন্ত্রী নির্বাচনেও মার্কিন হস্তক্ষেপ! পার্লামেন্টে তীব্র প্রতিবাদ
https://parstoday.ir/bn/news/west_asia-i159630-ইরাকের_মন্ত্রী_নির্বাচনেও_মার্কিন_হস্তক্ষেপ!_পার্লামেন্টে_তীব্র_প্রতিবাদ
ইরাকের পার্লামেন্টের এক সদস্য দেশটির রাজনৈতিক বিষয়ে আমেরিকার হস্তক্ষেপের বিরোধিতা করে বলেছেন, যুক্তরাষ্ট্র স্পষ্ট ও প্রকাশ্যভাবে ইরাকের অভ্যন্তরীণ বিষয়ে ধারাবাহিক সামরিক হস্তক্ষেপের পাশাপাশি এখন দেশটির রাজনৈতিক প্রক্রিয়াতেও হস্তক্ষেপ করতে চাইছে।
(last modified 2026-05-24T09:18:37+00:00 )
মে ২৪, ২০২৬ ১৫:১৫ Asia/Dhaka
  • ইরাকের সংসদ
    ইরাকের সংসদ

ইরাকের পার্লামেন্টের এক সদস্য দেশটির রাজনৈতিক বিষয়ে আমেরিকার হস্তক্ষেপের বিরোধিতা করে বলেছেন, যুক্তরাষ্ট্র স্পষ্ট ও প্রকাশ্যভাবে ইরাকের অভ্যন্তরীণ বিষয়ে ধারাবাহিক সামরিক হস্তক্ষেপের পাশাপাশি এখন দেশটির রাজনৈতিক প্রক্রিয়াতেও হস্তক্ষেপ করতে চাইছে।

ইরনা’র বরাতে পার্সটুডে জানিয়েছে, ইরাকের পার্লামেন্ট সদস্য মুকদাদ আল-খাফাজি দেশটির রাজনৈতিক বিষয়ে, বিশেষ করে মন্ত্রী নির্বাচন প্রক্রিয়ায় আমেরিকার প্রকাশ্য হস্তক্ষেপের কথা উল্লেখ করে বলেছেন, ইরাক এখনো বিভিন্ন স্তরে আমেরিকার দখলের অধীনে রয়েছে।

আল-খাফাজি জোর দিয়ে বলেন, যুক্তরাষ্ট্র স্পষ্ট ও প্রকাশ্যে ইরাকের অভ্যন্তরীণ বিষয়ে, বিশেষত রাজনৈতিক প্রক্রিয়ায় হস্তক্ষেপ করছে। বর্তমানে ইরাক শুধু সামরিক ক্ষেত্রেই নয়, অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষেত্রেও ওয়াশিংটনের আংশিক দখলদারিত্বের শিকার।

তিনি আরও বলেন, “রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় প্রভাবশালী ব্যক্তিদের ওপর আমেরিকার গুরুতর চাপ রয়েছে।” এই চাপ শিয়া ও সুন্নি—উভয় গোষ্ঠীকেই লক্ষ্যবস্তু করছে এবং ভবিষ্যতে যারা মন্ত্রীত্বের দায়িত্ব নেবেন তাদের নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে সরাসরি সম্পর্কিত। এর মাধ্যমে কিছু রাজনৈতিক ব্যক্তি ও জোটের বিরুদ্ধে আমেরিকার ভেটো থাকার বিষয়টি স্পষ্ট হয়ে উঠেছে।

ইরাকের এই পার্লামেন্ট সদস্য বলেন, এ ধরনের বিদেশি হস্তক্ষেপ ও অভিভাবকত্ব ইরাকের পার্লামেন্ট সদস্যদের জন্য সম্পূর্ণ অগ্রহণযোগ্য। জাতীয় সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে রাজনৈতিক বা অন্যান্য যে কোনো ক্ষেত্রে বিদেশি হস্তক্ষেপ—তা আমেরিকা কিংবা অন্য কোনো দেশের পক্ষ থেকেই হোক না কেন—পার্লামেন্ট দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করে।#

পার্সটুডে/এমএআর/২৪