লেবাননের বিভিন্ন এলাকায় ইসরায়েলি বিমান হামলায় ১২ জন নিহত
-
• দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলা
পার্সটুডে- রবিবার দিন ও রাতভর দক্ষিণ লেবাননের শহর ও গ্রামগুলোতে ইসরায়েলি সরকারের চালানো ৩৬ বারেরও বেশি হামলায় ১২ জন নিহত এবং আরও ৩৫ জন আহত হয়েছে।
ইরনার বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, তায়ার শহরের "আবাসিয়েহ" নামক স্থানে ইসরায়েলি বিমান হামলায় চারজন নিহত হয়েছেন। এছাড়াও, দেইর আল-জাহরানির আরব পাড়ায় চালানো ছয়টি ইসরায়েলি বিমান হামলায় আটজন নিহত এবং পাঁচ শিশু ও ছয়জন নারীসহ ১৬ জন আহত হয়েছে এবং আবাসিক ভবনগুলো ধ্বংস হয়ে গেছে।
আল জাজিরা জানিয়েছে, জাদিদাহ আনসার এলাকায় বিমান হামলায় দুই শিশুসহ তিনজন আহত হয়েছেন। আদুসিয়াহতে ইসরায়েলি সেনাবাহিনী একটি মোটরসাইকেলের ওপর হামলা চালায়, এতে তিনজন আহত হয়।
ইসরায়েলি যুদ্ধবিমানগুলো তায়ারের হীরাম হাসপাতালের আশেপাশের এলাকাতেও হামলা চালায়, যার ফলে হাসপাতালটির ১৩ জন চিকিৎসা ও নার্সিং কর্মী আহত হন।
এদিকে, কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে লেবাননের ওপর ইসরায়েলের ক্রমাগত হামলা, দক্ষিণ লেবাননে ইসরায়েলের স্থল অভিযান সম্প্রসারণ এবং বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করার নিন্দা জানিয়েছে। তারা এই কর্মকাণ্ডকে একটি বিপজ্জনক উত্তেজনা বৃদ্ধি, লেবাননের সার্বভৌমত্বের সুস্পষ্ট লঙ্ঘন এবং আন্তর্জাতিক মানবিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন বলে অভিহিত করেছে। মন্ত্রণালয়টি আন্তর্জাতিক সম্প্রদায়কে লেবাননের বিরুদ্ধে ইসরায়েলি দখলদার কর্তৃপক্ষের বারবার হামলা বন্ধ করতে বাধ্য করার আহ্বান জানিয়েছে।
ব্রিটিশ উপ-পররাষ্ট্রমন্ত্রী হ্যামিশ ফ্যালকনারও সতর্ক করেছেন লেবাননে উত্তেজনা বৃদ্ধি কূটনৈতিক প্রচেষ্টাকে দুর্বল করছে এবং বেসামরিক নাগরিকদের ওপর এর একটি অগ্রহণযোগ্য প্রভাব পড়ছে। তিনি বলেন: "ইসরায়েলের দ্বারা এই সংঘাতের সম্প্রসারণ অবশ্যই বন্ধ করতে হবে।"
জার্মান পররাষ্ট্রমন্ত্রী ইয়োহান ওয়াডফুলও দক্ষিণ লেবাননে ইসরায়েলি স্থল অভিযানের সম্প্রসারণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং সতর্ক করেছেন সামরিক সংঘাতের আরও বৃদ্ধি বর্তমান অস্থিতিশীল পরিস্থিতিকে আরও খারাপের দিকে নিয়ে যাবে। #
পার্সটুডে/এমআরএইচ/১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।