সৌদি আরবের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতার কথা স্বীকার করলেন ইসরাইলি সাংসদ
ইসরাইলি সংসদ নেসেটের একজন সদস্য স্বীকার করেছেন, তাদের কোম্পানিগুলোর সঙ্গে সৌদি আরবের ‘অরমকু’ কোম্পানির ঘনিষ্ঠ সহযোগিতা রয়েছে। লেবাননের আল মায়েদিন টিভি চ্যানেল এ খবর দিয়েছে।
অ্যারিয়েল মারগালিত নামে ইসরাইলের ওই সংসদ সদস্য আরো বলেছেন, ইসরাইলি কোম্পানিগুলো ইরানের কথিত সাইবার হামলা ঠেকানোর জন্য সৌদি আরবের জাতীয় তেল কোম্পানি ‘অরমকু’কে সহযোগিতা করছে।
এদিকে দীর্ঘদিন ধরে গোপন থাকার পর দখলদার ইসরাইল ও সৌদি আরবের মধ্যকার সম্পর্ক এখন প্রকাশ্যে এসেছে এবং দু’পক্ষের মধ্যে আলোচনা, সফর বিনিময় ও সাক্ষাত অব্যাহত রয়েছে।
সম্প্রতি সৌদি গোয়েন্দা সংস্থার সাবেক প্রধান আনোয়ার আশেকির তেলআবিব সফর এবং ইসরাইলি রাজনীতিবিদ ও কয়েকজন সংসদ সদস্যের সঙ্গে তার সাক্ষাতের ঘটনায় বিভিন্ন মহলে ব্যাপক প্রতিক্রিয়া হয়েছে। সৌদি বিনিয়োগকারী এবং বিশ্ববিদ্যালয়ের কয়েকজন ছাত্র তার সফর সঙ্গী ছিলেন।
ইসরাইলের সঙ্গে সৌদি আরবের কূটনৈতিক সম্পর্ক সমন্বয়কারী আনোয়ার আশেকি সম্প্রতি ইসরাইলি দৈনিক ইয়াদিওত অহারনুতকে দেয়া সাক্ষাতকারে বলেছেন, রিয়াদ ও তেলআবিব অভিন্ন শত্রুদেরকে চিহ্নিত করতে পারবে। গত বৃহস্পতিবার তিনি ইসরাইল সফরে গিয়েছিলেন। #
পার্সটুডে/মোহাম্মদ রেজওয়ান হোসেন/১