হরমুজ প্রণালির নিরাপত্তাহীনতার জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলই দায়ী: আরাকচি
-
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি (ডানে) ও জার্মান পররাষ্ট্রমন্ত্রী ইয়োহান ভাদেফুল
পার্সটুডে-ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, হরমুজ প্রণালিতে যে নিরাপত্তাহীনতা সৃষ্টি হয়েছে, তার জন্য 'যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি শাসকগোষ্ঠীই একমাত্র দায়ী'।
ওয়াশিংটনকে জবাবদিহির আওতায় আনা উচিত বলেও মন্তব্য করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। সোমবার জার্মানির পররাষ্ট্রমন্ত্রী ইয়োহান ভাদেফুলের সঙ্গে এক টেলিফোন আলাপে তিনি এ মন্তব্য করেন।
বিশ্বের জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ হরমুজ প্রণালিতে '২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া যুক্তরাষ্ট্র-ইসরায়েলি আগ্রাসনের প্রতিক্রিয়ায়' ইরান প্রণালিটি বন্ধ ঘোষণা করে।
এরপর জুন মাসে যুক্তরাষ্ট্র ও ইরান একটি 'সমঝোতা স্মারকে' স্বাক্ষর করে, যার মাধ্যমে ওই আগ্রাসন থেকে সৃষ্ট উত্তেজনা ও সংঘাতের ধারাবাহিকতা অবসানের উদ্যোগ নেওয়া হয়।
তারই পরিপ্রেক্ষিতে ইরান হরমুজ প্রণালী পুনরায় খুলে দেয়। তবে ওয়াশিংটন প্রণালি দিয়ে জাহাজ চলাচলের জন্য তেহরানের তৈরি করা একটি 'আইনি ট্রানজিট ব্যবস্থা' বা বৈধ পারাপার প্রক্রিয়ায় হস্তক্ষেপ শুরু করলে ইরান আবারও প্রণালি বন্ধ করতে বাধ্য হয়।
আরাকচি বলেন,'হরমুজ প্রণালী বন্ধের কারণে যে নিরাপত্তা ও অর্থনৈতিক পরিণতি সৃষ্টি হয়েছে, তার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত মার্কিন সরকারকে জবাবদিহির আওতায় আনা।'
তিনি জোর দিয়ে বলেন, হরমুজ প্রণালীর নিরাপত্তা নিশ্চিত করতে হলে যুক্তরাষ্ট্রের 'আগ্রাসনমূলক কর্মকাণ্ড ও বেআইনি হস্তক্ষেপ বন্ধ করতে হবে'। এর মধ্যে ইরানের ওপর আরোপ করা 'অবৈধ সামুদ্রিক অবরোধও' রয়েছে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও জানান, হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের জন্য একটি 'নিরাপদ নৌপথ প্রতিষ্ঠার লক্ষ্যে ওমানের সঙ্গে চলমান পরামর্শ ও আলোচনার' বিষয়েও তিনি জার্মান পররাষ্ট্রমন্ত্রীকে অবহিত করেছেন।#
পার্সটুডে/এনএম/১০
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।