১৪টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইয়েমেনি বাহিনীর আকস্মিক অভিযান
পার্সটুডে- ইয়েমেনের সশস্ত্র বাহিনী আজ (বৃহস্পতিবার) ভোরে এক আকস্মিক ও শক্তিশালী অভিযান চালিয়েছে। তারা সৌদি আরব-সমর্থিত সামরিক বাহিনীর সমাবেশস্থল লক্ষ্য করে ১৪টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। লক্ষ্যবস্তু ছিল আল-মোখা এলাকার উপকণ্ঠ এবং আল-খোখার দক্ষিণাঞ্চল।
পার্সটুডে জানিয়েছে, সৌদি জোটের ঘনিষ্ঠ গণমাধ্যম সূত্রগুলো দাবি করেছে, ইয়েমেনের সশস্ত্র বাহিনী তায়েজ প্রদেশের আল-মোখা এলাকার উপকণ্ঠ এবং আল-হুদাইদাহ প্রদেশের আল-খোখার দক্ষিণে শত্রু বাহিনীর সমাবেশস্থল লক্ষ্য করে অন্তত ১৪টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এতে শত্রুপক্ষের সামরিক অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং তাদের মাঠপর্যায়ের কার্যক্রমে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ইয়েমেনের সশস্ত্র বাহিনীর প্রতিরোধমূলক অভিযানগুলোর ধারাবাহিকতায় এই হামলা চালানো হয়েছে। প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, গত এক মাসেরও কম সময়ে তায়েজ ও হুদাইদাহ প্রদেশের উপকূলীয় ফ্রন্টে ইয়েমেনি বাহিনী থেকে নিক্ষেপ করা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সংখ্যা ৭২টিতে পৌঁছেছে।
এদিকে, এই অভিযানের পর মাঠপর্যায়ের সূত্রগুলো তায়েজ ও ইব প্রদেশে প্রচণ্ড বিস্ফোরণের শব্দ শোনা যাওয়ার কথা জানিয়েছে। সূত্রগুলো বলেছে, এসব বিস্ফোরণ ওই এলাকায় অবস্থিত ঘাঁটি থেকে নির্ধারিত লক্ষ্যবস্তুর দিকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ফলে ঘটেছে।#
পার্সটুডে/এসএ/৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।