ইসরায়েলের মোকাবিলা একমাত্র প্রতিরোধেই সম্ভব: নাঈম কাসেম
পার্সটুডে: ইহুদিবাদী ইসরায়েলি সরকার ও আধিপত্যবাদের মোকাবিলায় প্রতিরোধই একমাত্র পথ বলে মন্তব্য করেছেন লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব শেখ নাঈম কাসেম।
ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনার বরাতে পার্সটুডে জানিয়েছে, পাকিস্তানে ইমামিয়া স্টুডেন্টস অর্গানাইজেশন প্রতিষ্ঠার ৫৫তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘শহীদে প্রতিরোধ’ সম্মেলনে পাঠানো এক ভিডিওবার্তায় তিনি এ মন্তব্য করেন।
নাঈম কাসেম বলেন, প্রতিরোধই ভূখণ্ড মুক্ত করার একমাত্র পথ। শক্তির ভারসাম্য প্রতিকূল হওয়া সত্ত্বেও লেবাননে প্রতিরোধ তার কার্যকারিতা প্রমাণ করেছে।
তিনি বলেন, লেবাননে প্রতিরোধের অভিজ্ঞতা প্রমাণ করেছে যে, এর মাধ্যমে ভূখণ্ড ও জনগণকে মুক্ত করা সম্ভব। একইসঙ্গে ইসরায়েলি শত্রুকে পরাজয় ও অপমানের মধ্য দিয়ে সরে যেতে বাধ্য করা যায় এবং ফিলিস্তিন ইস্যুকে পুনরায় প্রাণবন্ত ও কার্যকর অবস্থানে ফিরিয়ে আনা সম্ভব।
হিজবুল্লাহর মহাসচিব ফিলিস্তিন ইস্যুকে একটি কেন্দ্রীয় বিষয় হিসেবে উল্লেখ করে বলেন, প্রতিরোধের সব ধরনের রূপই প্রয়োজনীয়।
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যুদ্ধ প্রসঙ্গে নাঈম কাসেম বলেন, ইসলামি প্রজাতন্ত্রের বিরুদ্ধে আগ্রাসন চালানো হয়েছিল সরকার উৎখাতের লক্ষ্যে, কিন্তু শেষ পর্যন্ত তা ইরানের বিজয়ে পরিণত হয়েছে।#
পার্সটুডে/এমএএআর/২০