সৌদি সমর্থকদেরও অপরাধের অংশীদার হিসেবে বিবেচনা করি: ইয়েমেন
https://parstoday.ir/bn/news/west_asia-i163858-সৌদি_সমর্থকদেরও_অপরাধের_অংশীদার_হিসেবে_বিবেচনা_করি_ইয়েমেন
পার্সটুডে- ইয়েমেনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, সৌদি শাসকগোষ্ঠীই সমস্যা সমাধানের পথ বন্ধ করেছে। সৌদি আরবকে যেসব দেশ বা যারা সমর্থন দিচ্ছে তারাও এই অপরাধের অংশীদার।
(last modified 2026-10-11T10:10:38+00:00 )
অক্টোবর ১১, ২০২৬ ১৫:৪৬ Asia/Dhaka
  • সৌদি আরবের বিরুদ্ধে যুদ্ধরত ইয়েমেনি জনতার এক সমাবেশ
    সৌদি আরবের বিরুদ্ধে যুদ্ধরত ইয়েমেনি জনতার এক সমাবেশ

পার্সটুডে- ইয়েমেনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, সৌদি শাসকগোষ্ঠীই সমস্যা সমাধানের পথ বন্ধ করেছে। সৌদি আরবকে যেসব দেশ বা যারা সমর্থন দিচ্ছে তারাও এই অপরাধের অংশীদার।

ইরানের সংবাদমাধ্যম পার্সটুডে জানিয়েছে, ইয়েমেনের পররাষ্ট্র মন্ত্রণালয় শনিবার রাতে এক বিবৃতিতে বলেছে, সৌদি শাসকগোষ্ঠীই সানা আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ করেছিল। গত ১৩ জুলাই মানবিক সহায়তাবাহী একটি ফ্লাইটের প্রবেশ ঠেকাতে সানা বিমানবন্দরে হামলা চালিয়ে তারা উত্তেজনা প্রশমনের প্রক্রিয়ার মৃত্যু ঘটায়।

বিবৃতিতে বলা হয়, ইয়েমেনে সৌদি দখলদারিত্ব মেনে নেওয়া হবে না। সংঘাত সর্বোচ্চ পর্যায়ে পৌঁছালেও তা মানা হবে না। যেকোনো পরিণতির জন্য ইয়েমেন প্রস্তুত রয়েছে।

ইয়েমেনের পররাষ্ট্র মন্ত্রণালয় আরও বলেছে, যারা সৌদি শাসকগোষ্ঠীকে বৈধতা দেয়, তাদেরও ওই গোষ্ঠীর অপরাধের অংশীদার হিসেবে বিবেচনা করা হবে। এই মন্ত্রণালয় জানিয়েছে, সৌদি যুদ্ধবিমান ও ক্ষেপণাস্ত্র ইয়েমেনের বিভিন্ন প্রদেশে হামলা চালাচ্ছে। একই সঙ্গে ইয়েমেনের বিরুদ্ধে সৌদি কর্মকাণ্ডের জবাব দেওয়ার বৈধ অধিকার কেউ খর্ব বা লঙ্ঘন করতে চাইলে, তাকেও এসব কর্মকাণ্ডের অংশীদার হিসেবে গণ্য করা হবে।

বিবৃতিতে আরও বলা হয়, সৌদি শাসকগোষ্ঠী বাব আল-মান্দেব প্রণালি ও এর আশপাশের এলাকাকে সামরিক অভিযানের ক্ষেত্র হিসেবে ব্যবহার করায় গুরুত্বপূর্ণ এই অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতা ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে সামরিক অভিযান অব্যাহত থাকলে আন্তর্জাতিক বাণিজ্যে নেতিবাচক প্রভাব পড়বে। এর পরিণতির দায় সৌদি শাসকগোষ্ঠীকেই নিতে হবে বলে জানিয়েছে এই মন্ত্রণালয়।

ইয়েমেনের পররাষ্ট্র মন্ত্রণালয় বিশ্বের বিবেকবান ব্যক্তিদের প্রতি সৌদি আরবকে ইয়েমেনের বিরুদ্ধে শত্রুতামূলক কর্মকাণ্ড বন্ধ করতে বাধ্য করার আহ্বান জানিয়েছে। পাশাপাশি দেশটির সঙ্গে সুপ্রতিবেশীসুলভ আচরণ করার দাবি জানানো হয়েছে। এই মন্ত্রণালয়ের মতে, বিশ্বের বিবেকবানদের পক্ষ থেকে এমন পদক্ষেপ নেওয়া হলে সব যুদ্ধ ও সংঘাতের অবসান ঘটতে পারে।

ইয়েমেন: শত্রুর জন্য অনেক চমক প্রস্তুত রেখেছি

এদিকে ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলনের রাজনৈতিক দপ্তরের সদস্য হিজাম আল-আসাদ আল-মায়াদিন টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, বাব আল-মান্দেব প্রণালির ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার দাবি করা সৌদি শাসকগোষ্ঠী ও তাদের সহযোগীদের বিরুদ্ধে সানা শক্তিশালী আঘাত হেনেছে।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও সৌদি আরব মরিয়া হয়ে এই অঞ্চলের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছে। আগ্রাসীদের জন্য আরও অনেক চমক অপেক্ষা করছে বলে তিনি উল্লেখ করেন।#

পার্সটুডে/এসএ/১১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।