লেবাননে নতুন যুদ্ধ ইসরাইলের জন্য বিপর্যয় ডেকে আনবে: বিশ্লেষক
-
ওমর নাশাবে (বামে) ও ক্যারোল গোউল্ড
লেবাননের ওপর সামরিক আগ্রাসন চালালে তা ইহুদিবাদী ইসরাইলের জন্য বড় ধরনের বিপর্যয়ের কারণ হবে বলে মন্তব্য করেছেন লেবাননের আল-আখবার পত্রিকার সাংবাদিক ওমর নাশাবে। ২০০৬ সালে ইসরাইলের সঙ্গে ৩৩ দিনের যুদ্ধে হিজবুল্লাহর ঐতিহাসিক বিজয় এবং আঞ্চলিক পর্যায়ে এর প্রভাব সম্পর্কে ইরানের প্রেস টিভিকে দেয়া সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।
ওই যুদ্ধকে নাশাবে ‘গেমই চেঞ্জার’ হিসেবে মন্তব্য করে বলেন, এ যুদ্ধ মধ্যপ্রাচ্যে ক্ষমতার ভারসাম্যকে হিজবুল্লাহর দিকে নিয়ে গেছে। তিনি সতর্ক করে বলেন, লেবাননের ওপর ইসরাইলের নতুন যেকোনো আগ্রাসন তেল আবিবের জন্য বিপর্যয়কর পরিণতি ডেকে আনবে। নাশাবে বলেন, ইসরাইল যদি লেবাননে বোমা বর্ষণ করে তাহলে লেবাননও ইসরাইলে বোমা বর্ষণ করবে এবং জাতিসংঘ সনদের সপ্তম অধ্যায় সব জাতিকে সে অধিকার দিয়েছে।
তিনি আরো বলেন, যদি ইহুদিবাদী ইসরাইল নতুন করে সামরিক আগ্রাসন চালায় তবে হিজবুল্লাহর জবাব শুধু ক্ষেপণাস্ত্র হামলার মধ্যে সীমাবদ্ধ থাকবে না। তিনি বলেন, ইসরাইলের সামরিক গবেষণা কেন্দ্রগুলোও বলছে- বর্তমানে ইসরাইলের সীমানা পেরিয়ে যাওয়ার মতো ক্ষমতা হিজবুল্লাহর রয়েছে এবং দখলীকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের যেকোনো স্থান থেকে যুদ্ধ চালাতে সক্ষম।
সাক্ষাৎকারে ব্রিটিশ সাংবাদিক ক্যারোল গোউল্ড বলেন, “মধ্যপ্রাচ্য অঞ্চলে নতুন যুদ্ধের আশংকা রয়েছে। আমরা বলেছি, হিজবুল্লাহর কাছে এক লাখ ৩০ হাজার ক্ষেপণাস্ত্র রয়েছে এবং ইসরাইলে নেতানিয়াহুর নেতৃত্বে ভিন্ন একটি সরকার রয়েছে। এ কারণে মধ্যপ্রাচ্যে ইসরাইলের সঙ্গে হিজবুল্লাহর সংঘর্ষের আশংকা বাড়ছে।” সিরিয়া সংকট এ ক্ষেত্রে বড় কারণ হয়ে দাঁড়াতে পারে বলেও তিনি মন্তব্য করেন।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৪