দ. লেবাননে রাস্তা নির্মাণ করছে ইসরাইল; যুদ্ধের আহ্বান হিজবুল্লাহর
-
শেবা ফার্মে রাস্তা নির্মাণ প্রক্রিয়ায় ইসরাইলি বুলডোজার
অধিকৃত লেবাননে ইহুদিবাদী ইসরাইলের একটি রাস্তা নির্মাণের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেছে ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ। দক্ষিণ লেবাননের শেবা কৃষি ফার্মে দুই কিলোমিটার দীর্ঘ একটি রাস্তা নির্মাণের কাজ করছে ইসরাইল। ১৯৬৭ সালের যুদ্ধে ইসরাইল এ এলাকাটি দখল করে নেয়।
রাস্তা নির্মাণের বিরোধিতা করে হিজবুল্লাহ বলেছে, “লেবাননের বিরুদ্ধে ইসরাইলের অপরাধের যে দীর্ঘ তালিকা রয়েছে এটি হবে তাতে নতুন সংযোজন। রাস্তা নির্মাণের এ ঘটনা থেকে লেবাননের ভূমি ও সম্পদের প্রতি ইহুদিবাদী ইসরাইলের সীমাহীন লোভের চিত্র প্রকাশ পেয়েছে।”
লেবানন সরকারের প্রতি আহ্বান জানিয়ে হিজবুল্লাহ বলেছে, জাতীয় সার্বভৌমত্ব রক্ষার জন্য স্বাভাবিক ভূমিকা রাখুন এবং ইসরাইরেল এ পদক্ষেপের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিন।
এদিকে, লেবাননের সামরিক বাহিনীর প্রধান জিন কাহওয়াগি বলেছেন, তার বাহিনী ইসরাইলের বিরুদ্ধে লড়াইয়ের মাধ্যমে দেশ রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেন, লেবাননের সার্বভৌমত্ব রক্ষার জন্য সেনাবাহিনী সব ধরনের সক্ষমতা নিয়ে ইসরাইলের বিরুদ্ধে লড়াই করবে। দক্ষিণ লেবাননে ইসরাইলের বিরুদ্ধে লড়াই করা সামরিক প্রধান দায়িত্ব বলেও মন্তব্য করেন তিনি।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৯