সৌদি রাষ্ট্রদূতকে হত্যার ষড়যন্ত্রের দাবি নাকচ করল ইরাকি বাহিনী
-
ইরাকে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত থাহমের আল-শাবান
ইরাকে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূতকে দেশটির জনপ্রিয় স্বেচ্ছাসেবী বাহিনী হত্যার ষড়যন্ত্র করেছিল বলে সৌদি আরবের সঙ্গে সম্পর্কযুক্ত একটি সংবাদ মাধ্যম যে দাবি করেছে তা নাকচ করে দিয়েছেন ইরাকের শীর্ষস্থানীয় একজন সামরিক কর্মকর্তা।
বাগদাদ অপারেশনস কমান্ডের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল সাদ মঈন আল-ফুরাত সংবাদ মাধ্যমকে আজ (রোববার) বলেছেন, সৌদি রাষ্ট্রদূত সামের আল-শাবানকে হত্যা চেষ্টার অভিযোগ সম্পর্কে বাগদাদের সৌদি কূটনৈতিক মিশন ইরাকি নিরাপত্তা বাহিনীকে আগাম কিছু জানায় নি। বাগদাদে অবস্থান করা সব কূটনৈতিক মিশন এবং ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করতে ইরাকি নিরাপত্তা বাহিনী সব সময় জোর তৎপর বলে জানান ব্রিগেডিয়ার মঈন।
তিনি বলেন, এই ধরণের খবর প্রকাশের আগে সাংবাদিক এবং প্রতিবেদকদের উচিৎ এই দাবির পক্ষে সুনিশ্চিত হওয়া। ব্রিগেডিয়ার মঈন বলেন, ইরাকি নিরাপত্তা বাহিনীর ভাবমূর্তী ক্ষুন্ণ করার লক্ষ্যেই এই ধরণের যড়যন্ত্রমূলক খবর প্রকাশ করা হয়েছে।
লন্ডন ভিত্তিক আরবি ভাষার 'আসারক আল-আওসাত' সংবাদ মাধ্যম সম্প্রতি দাবি করেছে যে, স্বেচ্ছাসেবী বাহিনীর অন্তর্ভুক্ত খোরাসান ব্যাটালিয়ন এবং আবু ফজল আল-আব্বাস বাহিনী রকেট চালিত গ্রেনেডের মাধ্যমে সৌদি রাষ্ট্রদূত সাবানের বহরে হামলা চালিয়ে তাকে হত্যা করতে চেয়েছিল। এর প্রতিক্রিয়াই ব্রিগেডিয়ার মঈনের এ মন্তব্য এলো।#
পার্সটুডে/বাবুল আখতার/২২