ইয়েমেনের ১৫ বেসামরিক ব্যক্তিকে হত্যা করল সৌদি আরব
ইয়েমেনের দক্ষিণ –পশ্চিমাঞ্চলীয় তায়িজ প্রদেশে অন্তত ১৫ বেসামরিক ব্যক্তিকে হত্যা করেছে সৌদি আরব। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, প্রদেশের শারেব এলাকায় একটি মিনিবাসে সৌদি জঙ্গিবিমান থেকে চালানো হামলায় এসব নিরীহ মানুষ প্রাণ হারায়।
এ ছাড়াও সৌদি জঙ্গি বিমান ইয়েমেনের সা’দা, হাজ্জা ও আমরান প্রদেশের বেশ কিছু অবস্থানে বোমাবর্ষণ করে। এসব লক্ষ্যবস্তুর মধ্যে ছিল একটি গ্যাস স্টেশন ও একটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র।
শুক্রবার থেকে এ পর্যন্ত রিয়াদ ইয়েমেনের উত্তরাঞ্চলীয় তিন প্রদেশে ৫০ বারেরও বেশি হামলা চালিয়েছে। এসব হামলায় দারিদ্রপীড়িত দেশটির বহু মানুষ নিহত হওয়ার পাশাপাশি সেদেশের অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে।
সা’দা প্রদেশে সৌদি বিমান হামলায় দুই শিশুসহ অন্তত ১১ ব্যক্তি নিহত হয়। শুক্রবার হাজ্জা ও আমরান প্রদেশের বিভিন্ন আবাসিক এলাকায় সৌদি বিমান বাহিনীর বোমাবর্ষণে নিহত হয় আরো প্রায় এক ডজন মানুষ।
ইয়েমেনের সৌদি সমর্থিত পলাতক প্রেসিডেন্ট আব্দ রাব্বু মানসুর হাদিকে ক্ষমতায় বসাতে ২০১৫ সালের ২৬ মার্চ থেকে দেশটিতে পাশবিক হামলা শুরু করে রিয়াদ। হুথি আনসারুল্লাহ যোদ্ধাদের নির্মূল করার লক্ষ্যে চালানো এসব হামলায় এ পর্যন্ত প্রায় ১০,০০০ নিরপরাধ মানুষ প্রাণ হারিয়েছে।#
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২৮