ইয়েমেনি স্নাইপারদের হামলায় ২ সৌদি সেনা নিহত
-
সীমান্তে সৌদি সেনাদের অবস্থান
ইয়েমেনি সেনাবাহিনীর পাল্টা হামলায় সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় আসির প্রদেশে সৌদি সীমান্তরক্ষী বাহিনীর দুই সদস্য নিহত হয়েছে।
আজ (শনিবার) আসির প্রদেশের আর-রাবুয়া শহরে ইয়েমেনি স্নাইপারদের হামলায় দুই সৌদি সেনা নিহত হয়েছে বলে আল-মায়েদিন টেলিভিশন চ্যানেল জানিয়েছে। এছাড়া, ইয়েমেনি সেনারা ওই শহরের একটি সেনা ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করলে সৌদি সেনাবাহিনীর একটি সামরিক যান ধ্বংস হয় বলে খবর পাওয়া গেছে।
সৌদি বাহিনী সম্প্রতি ইয়েমেনের বিভিন্ন এলাকায় বর্বরোচিত বিমান হামলা চালিয়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে ইয়েমেনি সেনারা পাল্টা হামলা চালাল। এদিকে, সৌদি জঙ্গিবিমান ইয়েমেনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় সাদা প্রদেশের বাকিম এলাকায় একটি গাড়ির ওপর বোমা বর্ষণ করলে এক ব্যক্তি নিহত এবং চারজন আহত হয়।
সৌদি জঙ্গিবিমান ইয়েমেনের উত্তরাঞ্চলীয় সানা প্রদেশের আল-নাহদিন এলাকায় দুইবার বোমা বর্ষণ করেছে। তবে এতে হতাহতের সংখ্যা এবং কি পরিমাণ ক্ষতি হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায় নি।#
পার্সটুডে/বাবুল আখতার/৩