আলেপ্পোয় আরো অগ্রসর হয়েছে সিরিয়ার সেনাবাহিনী
সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় আলেপ্পো শহরের আরো কিছু এলাকা পুনর্দখল করেছে দেশটির সেনাবাহিনী। উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠীগুলো এক সময়কার এ বাণিজ্যিক নগরীর একাংশ দখলে রেখেছে।
সিরিয়ার সরকারি বার্তা সংস্থা সানা জানিয়েছে, রোববার স্বেচ্ছাসেবী যোদ্ধাদের সহযোগিতায় সেনাবাহিনী আলেপ্পোর দক্ষিণ অংশে অবস্থিত একটি সামরিক একাডেমি পুনর্দখল করেছে। ওই গুরুত্বপূর্ণ একাডেমি এবং এর আশপাশের এলাকা এখন সেনাবাহিনীর পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে বলে সানা জানিয়েছে।
লন্ডন-ভিত্তিক কথিত মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস ওই সামরিক একাডেমি উগ্র জঙ্গিদের হাতছাড়া হয়ে যাওয়ার কথা স্বীকার করেছে।
এদিকে সিরিয়ার একটি সেনা সূত্র জানিয়েছে, আলেপ্পোর শহরতলিতে দেশটির বিমান বাহিনী উগ্র জঙ্গি গোষ্ঠী জেইশ আল-ফাতাহ’র আস্তানাগুলোতে বোমাবর্ষণ করেছে। অবজারভেটরির পরিচালক রামি আব্দের রহমান জানিয়েছেন, সরকারি সেনারা এখন খুব সহজেই আলেপ্পোর ‘রামুসা’ এলাকাটি দখলে নিতে পারবে বলে ধারনা করা হচ্ছে।
অন্যদিকে আলেপ্পো প্রদেশের নুবুল ও আয-যাহরা শহরে জঙ্গিদের নিক্ষিপ্ত গোলার আঘাতে দুই নারী নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। আলাদা আলাদা এসব জঙ্গি হামলায় আহত হয়েছে আরো অন্তত আটজন।#
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/৫