ইয়েমেনে ৫ সেনা হতাহতের কথা স্বীকার করল সৌদি আরব
https://parstoday.ir/bn/news/west_asia-i20230-ইয়েমেনে_৫_সেনা_হতাহতের_কথা_স্বীকার_করল_সৌদি_আরব
সৌদি আরব স্বীকার করেছে যে, দেশটির দক্ষিণাঞ্চলীয় সীমান্তবর্তী দাহরান জুনুব, জিজান ও আসির প্রদেশে ইয়েমেনি যোদ্ধাদের সঙ্গে আলাদা সংঘর্ষে চার সেনা নিহত ও একজন আহত হয়েছে।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
সেপ্টেম্বর ১৫, ২০১৬ ১৩:৩২ Asia/Dhaka
  • সৌদি সীমান্তরক্ষীদের পর্যবেক্ষণ
    সৌদি সীমান্তরক্ষীদের পর্যবেক্ষণ

সৌদি আরব স্বীকার করেছে যে, দেশটির দক্ষিণাঞ্চলীয় সীমান্তবর্তী দাহরান জুনুব, জিজান ও আসির প্রদেশে ইয়েমেনি যোদ্ধাদের সঙ্গে আলাদা সংঘর্ষে চার সেনা নিহত ও একজন আহত হয়েছে।

জিজানের সীমান্তরক্ষী বাহিনীর প্রধান মেজর জেনারেল মাহিয়া আল-ওতাইবি রাষ্ট্র নিয়ন্ত্রিত বার্তা সংস্থা এসপিএ-কে গতকাল (বুধবার) জানিয়েছেন, দাহরান আল-জুনুব এলাকায় মুসা বিন মুহাম্মাদ দায়েলি নামে এক সেনা মারা গেছেন। এ এলাকার সঙ্গে ইয়েমেনের পার্বত্যাঞ্চল সা’দা প্রদেশের সীমান্ত রয়েছে।

জিজানের পুলিশ প্রধান মেজর জেনারেল নাসের বিন সালেহ জানিয়েছেন, ইয়েমেনি যোদ্ধাদের হামলায় হামুদ মুহাম্মাদ আওয়াজি নামে এক পুলিশ কর্মকর্তা মারা গেছেন। এছাড়া, সৌদি আরবের ন্যাশনাল গার্ড বিষয়ক মন্ত্রী মুতাইব বিন আব্দুল্লাহ বিন আব্দুল আজিজ আলে সৌদ জানিয়েছেন, দক্ষিণ-পশ্চিাঞ্চলীয় আসির প্রদেশের আর-রাবুয়া এলাকায় ইয়েমেনের যোদ্ধাদের সঙ্গে ভয়াবহ বন্দুকযুদ্ধের সময় এক সেনা মারাত্মকভাবে আহত হয়েছে। তবে বাকি সেনারা কবে, কোথায় ও কোন পরিবেশে মারা গেছে তা বলেন নি সৌদি কর্মকর্তারা।      

অবশ্য, সৌদি আরবের দৈনিক পত্রিকা ওকাজ জানিয়েছে, আহমাদ বিন হাসান আতিফ নামে এক সেনা কর্মকর্তা দেশের দক্ষিণে মারা গেছেন। এছাড়া, দেশের দক্ষিণ সীমান্তে আহমাদ তোহারা নামে আরেক সেনা মারা গেছেন বলে খবর দিয়েছে আখবার ২৪ অনলাইন দৈনিক।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৫