ইরান সাহসিকতার সঙ্গে পরমাণু অধিকার আদায় করেছে: হিজবুল্লাহ
-
হিজবুল্লাহর উপ-মহাসচিব শেইখ নায়িম কাসেম
ইরান বিশ্বের কাছ থেকে অত্যন্ত সাহসিকতার সঙ্গে শান্তিপূর্ণ পরমাণু শক্তি ব্যবহারের অধিকার আদায় করে নিয়েছে বলে এর ভূয়সী প্রশংসা করেছে লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ।
লেবাননের রাজধানী বেইরুতে গতকাল (সোমবার) হিজবুল্লাহর উপ-মহাসচিব শেখ নায়িম কাসেম বলেন, ইসলামী প্রজাতন্ত্র বিশ্বের বলদর্পী শক্তিগুলোর মোকাবেলায় শক্ত প্রতিরোধকামী নীতি প্রয়োগের মাধ্যমে শান্তিপূর্ণ উপায়ে পরমাণু শক্তি ব্যবহারের অধিকার প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে।
ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানির প্রশাসন জাতিসংঘের পাঁচ স্থায়ী সদস্য রাষ্ট্র আমেরিকা, রাশিয়া, ব্রিটেন, ফ্রান্স এবং চীনসহ জার্মানির সঙ্গে দীর্ঘ ২২ মাসব্যাপী জটিল আলোচনার পর গত বছরের ১৪ জুলাই একটি চূড়ান্ত পরমাণু সমঝোতায় পৌঁছাতে সক্ষম হয়। সমঝোতার ফলে কয়েকটি চিহ্নিত দেশের প্রবল বাধা সত্ত্বেও নিজের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অধিকার আদায় করতে সক্ষম হয় তেহরান।
এছাড়া, লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ এবং ফিলিস্তিনিদের প্রতি সহযোগিতা ও সমর্থন দেয়ায় শেখ কাসেম ইরানের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি আরো বলেন, ইরান মুসলমানদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেয়ার পাশাপাশি লেবাননের প্রতিরোধ আন্দোলন ও ফিলিস্তিনকে সমর্থন দিয়ে আসছে এবং বিনিময়ে কিছুই আশা করে নি।#
পার্সটুডে/বাবুল আখতার/৪