সৌদি সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে ইয়েমেনি বাহিনী
ইয়েমেনের জনপ্রিয় স্বেচ্ছাসেবী বাহিনীর সহযোগিতায় দেশটির সামরিক বাহিনী সৌদি আরবের জিজান প্রদেশে কয়েকটি সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে।
ইয়েমেনি বাহিনী গতকাল (বুধবার) বিকেলে পার্বত্য জেবেল আদ-দুখান এলাকায় অবস্থিত একটি ঘাঁটিতে বহু কামানের গোলা বর্ষণ করে। এতে সৌদি বাহিনীর কয়েকটি সামরিকযানে আগুন ধরে যায় এবং তাদের যোগাযোগ ব্যবস্থা ধ্বংস হয়ে যায় বলে আল-মাসিরা টেলিভিশন চ্যানেল জানিয়েছে।
এছাড়া, ইয়েমেনি বাহিনী সৌদি আরবের রাজধানী রিয়াদের ৯৬৭ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আল-জিজান শহরের আল-খোজারাহ এলাকায় একটি সৌদি সেনা সমাবেশকে টার্গেট করে হামলা চালায়।
ইয়েমেনি সেনারা সৌদি আরবের আল-জিজান প্রদেশের আল-খুবাহ এলাকার আল-মাদরাসা গ্রামে স্থানীয়ভাবে তৈরি আল সারখা-৩ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করলে বহু সৌদি সেনা হতাহত হয়েছে।
ইয়েমেনের পলাতক প্রেসিডেন্ট আব্দ রাব্বু মানসুর হাদিকে আবারো ক্ষমতায় বসানোর লক্ষ্যে গত বছরের ২৬ মার্চ থেকে সৌদি আরব দেশটির বিভিন্ন এলাকায় বর্বরোচিত বিমান হামলা চালিয়ে আসছে। জাতিসংঘ গত আগস্টে জানিয়েছে, ২০১৫ সালের মার্চ থেকে এ পর্যন্ত ইয়েমেনে ১০ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। এছাড়া, আহত হয়েছে আরো বহু লোকজন।#
পার্সটুডে/বাবুল আখতার/৬