ইয়েমেনে আবারো হামলা চালিয়েছে সৌদি বাহিনী: ৭ ব্যক্তি নিহত
https://parstoday.ir/bn/news/west_asia-i22381-ইয়েমেনে_আবারো_হামলা_চালিয়েছে_সৌদি_বাহিনী_৭_ব্যক্তি_নিহত
ইয়েমেনে সৌদি জঙ্গিবিমানের হামলায় নতুন করে আরো সাত বেসামরিক ব্যক্তি নিহত হয়েছে। সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ইয়েমেনি বাহিনী যখন ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে পাল্টা প্রতিশোধমূলক হামলা চালাচ্ছে তখন নতুন করে সৌদি বাহিনীর এ বর্বরতার খবর এলো।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ০৮, ২০১৬ ১৬:৪৩ Asia/Dhaka
  • ইয়েমেনে আবারো হামলা চালিয়েছে সৌদি বাহিনী: ৭ ব্যক্তি নিহত

ইয়েমেনে সৌদি জঙ্গিবিমানের হামলায় নতুন করে আরো সাত বেসামরিক ব্যক্তি নিহত হয়েছে। সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ইয়েমেনি বাহিনী যখন ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে পাল্টা প্রতিশোধমূলক হামলা চালাচ্ছে তখন নতুন করে সৌদি বাহিনীর এ বর্বরতার খবর এলো।

আজ (শনিবার) সৌদি জঙ্গিবিমান ইয়েমেনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় সা'দা প্রদেশে একটি চলন্ত ট্রাকে বোমা বর্ষণ করলে এক ব্যক্তি নিহত হয় বলে ইয়েমেনের আল-মাসিরা টেলিভিশন চ্যানেল জানিয়েছে। এছাড়া, ইয়েমেনের পশ্চিমাঞ্চলীয় হুদায়দা প্রদেশে সৌদি বিমান হামলায় চার শিশুসহ অন্তত ছয় ব্যক্তি নিহত হয়েছে।

এদিকে, ইয়েমেনি বাহিনী সৌদি আরবের জিজান প্রদেশে একটি সামরিক ঘাঁটিতে কাহার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। রিয়াদ সরকার ইয়েমেনিদের পাল্টা হামলার কথা স্বীকার করেছে এবং ক্ষেপণাস্ত্রটি ধ্বংস করা হয়েছে বলে তারা দাবি করেছে। সৌদি আরবের একই এলাকায় ইয়েমেনি বাহিনী মর্টারের গোলা নিক্ষেপ করলে বহু সৌদি সেনা নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।

ইয়েমেনের পলাতক প্রেসিডেন্ট আব্দ রাব্বু মানসুর হাদিকে আবারো ক্ষমতায় বসানোর লক্ষ্যে গত বছরের ২৬ মার্চ থেকে সৌদি আরব দেশটির বিভিন্ন এলাকায় বর্বরোচিত বিমান হামলা চালিয়ে আসছে। জাতিসংঘ গত আগস্টে জানিয়েছে, ২০১৫ সালের মার্চ থেকে এ পর্যন্ত ইয়েমেনে ১০ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে।#

পার্সটুডে/বাবুল আখতার/৮