ইয়েমেনে জানাযার নামাজে সৌদি বিমান হামলা: নিহত ১৪০, আহত ৫৩৪
https://parstoday.ir/bn/news/west_asia-i22393-ইয়েমেনে_জানাযার_নামাজে_সৌদি_বিমান_হামলা_নিহত_১৪০_আহত_৫৩৪
ইয়েমেনের রাজধানী সানার একটি জানাযার নামাজে সৌদি বিমান হামলায় অন্তত ১৪০ জন নিহত এবং ৫৩৪ জনেরও বেশি মানুষ আহত হয়েছে। সানার খামিজ সড়কে শনিবার এ হামলা চালানো হয়। জাতিসংঘের একজন পদস্থ কর্মকর্তা সৌদি আরবের নেতৃত্বাধীন জোটের পক্ষ থেকে এ হামলা চালানোর বিষয়টি নিশ্চিত করেছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ০৮, ২০১৬ ২০:২৯ Asia/Dhaka
  • ইয়েমেনে জানাযার নামাজে সৌদি বিমান হামলা: নিহত ১৪০, আহত ৫৩৪

ইয়েমেনের রাজধানী সানার একটি জানাযার নামাজে সৌদি বিমান হামলায় অন্তত ১৪০ জন নিহত এবং ৫৩৪ জনেরও বেশি মানুষ আহত হয়েছে। সানার খামিজ সড়কে শনিবার এ হামলা চালানো হয়। জাতিসংঘের একজন পদস্থ কর্মকর্তা সৌদি আরবের নেতৃত্বাধীন জোটের পক্ষ থেকে এ হামলা চালানোর বিষয়টি নিশ্চিত করেছেন।

হুথি আনসারুল্লাহ  যোদ্ধাদের পক্ষ থেকে নিয়োগপ্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রী গালাল আর-রাইশানের বাবার জানাযার নামাজে এ হামলা চালানো হয়। হামলার সময় সেখানে হাজার হাজার শোকাহত মানুষ উপস্থিত ছিল বলে নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশংকা করা হচ্ছে। 

আন্তর্জাতিক রেড ক্রস কমিটির কর্মকর্তা রিমা কামাল জানিয়েছেন, হাজার হাজার নিরস্ত্র মানুষের ওপর জঙ্গি বিমান থেকে কয়েক দফা হামলা চালানো হয়। তিনি বলেছেন, ৩০০ লাশ বহন করার মতো প্রস্তুতি তার সংস্থা নিয়ে রেখেছে।

ইয়েমেনে জাতিসংঘের মানবিক ত্রাণ বিষয়ক সমন্বয়কারী জ্যামি ম্যাকগোল্ডরিক এ হামলাকে ‘অত্যন্ত পাশবিক’ উল্লেখ করে এর নিন্দা জানিয়েছেন। তিনি বলেছেন, হামলার পরপর ত্রাণকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের মর্মান্তিক দৃশ্য থেকে ‘ক্ষুব্ধ ও মর্মাহত’ হয়েছেন। তিনি এ হামলার তাৎক্ষণিক তদন্ত চেয়েছেন।

ইয়েমেনের আল-মাসিরা টেলিভিশন বলেছে, রাজধানীর হাসপাতালগুলোতে রক্তের মারাত্মক ঘাটতি দেখা দিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ছড়িয়ে পড়া ছবিতে এ হামলায় নিহতদের ছিন্নভিন্ন দেহাবশেষের চিত্র দেখা গেছে। একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, সৌদি বিমান হামলার পর সানার জানাযার নামাজে সত্যিকার অর্থেই ‘রক্তের গঙ্গা’ বয়ে গেছে।

ইয়েমেনের বেসামরিক অনুষ্ঠান টার্গেট করে সৌদি আরবের বর্বরোচিত হামলা নতুন কোনো ঘটনা নয়। এর আগে, গত বছরের সেপ্টেম্বরে দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ তায়ে’জের মোখা শহরে একটি বিয়ের অনুষ্ঠানে সৌদি বিমান হামলায় অন্তত ১৩০ জন নিরীহ বেসামরিক মানুষ নিহত হয়েছিল।

গত বছরের ২৬ মার্চ থেকে ইয়েমেনের ওপর বর্বরোচিত সামরিক আগ্রাসন শুরু করেছে সৌদি আরব। এতে এ পর্যন্ত ১০ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে।#

পার্সটুডে/মূসা রেজা/মুজাহিদুল ইসলাম/৮