হত্যার দায়ে সৌদি প্রিন্সের মৃত্যুদণ্ড কার্যকর
https://parstoday.ir/bn/news/west_asia-i23350-হত্যার_দায়ে_সৌদি_প্রিন্সের_মৃত্যুদণ্ড_কার্যকর
এক তরুণকে হত্যার দায়ে সৌদি আরবে একজন প্রিন্সের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। মঙ্গলবার সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, সম্প্রতি প্রিন্স তুর্কি সৌদ আল-কবির নামক ওই প্রিন্সের শিরোশ্ছেদ করা হয়েছে।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
অক্টোবর ১৯, ২০১৬ ০২:২১ Asia/Dhaka
  • নিজের তরবারি প্রদর্শন করছেন শিরোশ্ছেদে নিযুক্ত একজন সৌদি জল্লাদ (ফাইল ছবি)
    নিজের তরবারি প্রদর্শন করছেন শিরোশ্ছেদে নিযুক্ত একজন সৌদি জল্লাদ (ফাইল ছবি)

এক তরুণকে হত্যার দায়ে সৌদি আরবে একজন প্রিন্সের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। মঙ্গলবার সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, সম্প্রতি প্রিন্স তুর্কি সৌদ আল-কবির নামক ওই প্রিন্সের শিরোশ্ছেদ করা হয়েছে।

কয়েক বছর আগে রাজধানী রিয়াদের একটি শহরতলীতে বচসার এক পর্যায়ে সৌদি তরুণ আদেল বিন সুলেমান বিন আব্দুল করিম মুহাইমিদকে হত্যা করেছিলেন প্রিন্স তুর্কি বিন সৌদ। তিনি বছর আগে একটি সৌদি আদালত তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছিল।

পরে কোর্ট অব আপিল এবং সুপ্রিম কোর্ট সে রায় বহাল রাখে। সৌদি আইন অনুযায়ী শেষ পর্যন্ত রাজকীয় ডিক্রি জারির মাধ্যমে ওই প্রিন্সের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

এর আগে নিহত তরুণের পরিবারকে রক্তমূল্য গ্রহণ করে প্রিন্সকে ক্ষমা করে দেয়ার অনুরোধ জানানো হয়েছিল। কিন্তু ওই পরিবার সে প্রস্তাব প্রত্যাখ্যান করে ন্যায়বিচার চায়। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, নিরপরাধ মানুষের রক্ত যে ব্যক্তিই ঝরাক না কেন তাকে আইনের আওতায় সাজা পেতেই হবে।

২০১৬ সালের শুরু থেকে এ পর্যন্ত সৌদি আরবে ১০০ জনেরও বেশি মানুষের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল দেশটিতে মৃত্যুদণ্ড স্থগিত রাখার পাশাপাশি ‘ভয়ঙ্কর’ শিরোশ্ছেদ প্রথা বিলুপ্তির আহ্বান জানিয়েছে।

সৌদি আরব বলছে, দেশটিতে হত্যা, মাদক চোরাচালান, ডাকাতি, ধর্ষণ ও ধর্মত্যাগের দায়ে অভিযুক্ত ব্যক্তিদেরই মৃত্যুদণ্ড দেয়া হয়। তবে পরিসংখ্যান বলছে, বিগত বছরগুলোতে শুধুমাত্র সৌদি সরকারের সমালোচনা করার দায়ে বহু রাজনৈতিক নেতাকর্মীর শিরোশ্ছেদ করা হয়েছে।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১৯