এবার পাঁচ সৌদি সেনা আটকের ভিডিও প্রকাশ করল হুথি যোদ্ধারা
ইয়েমেনের হুথি আনসারুল্লাহ যোদ্ধারা সৌদি আরবের সীমান্তবর্তী এলাকা থেকে পাঁচ সৌদি সেনাকে আটকের একটি ভিডিও ফুটেজ প্রকাশ করেছে। ২০১৫ সালের মার্চ থেকে সৌদি আরব দারিদ্র্যপীড়িত ইয়েমেনের বিভিন্ন এলাকায় বর্বরোচিত এবং পাশবিক হামলা চালিয়ে আসছে।
গতকাল (শুক্রবার) ইয়েমেনের আল-মাসিরা টেলিভিশন চ্যানেলে প্রকাশিত ভিডিও ফুটেজে আটক সৌদি সেনাদেরকে বেসামরিক পোষাকে দেখা গেছে। আটক সেনারা তাদের নাম,পদবী এবং ইউনিট সম্পর্কে বিস্তারিত পরিচয় প্রকাশের পাশাপাশি তাদেরকে কোন এলাকা থেকে আটক করা হয়েছে তারও স্বীকারোক্তি দিয়েছেন।
পাঁচ সেনাদেরকে হয় সৌদি আরবের দক্ষিণ-পশ্চিম সীমান্তে অবস্থিত নাজরান অথবা আসির এলাকার কাছ থেকে আটক করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে তাদেরকে কখন ধরা হয়েছিল সে ব্যাপারে নিশ্চিত হওয়া যায় নি।
গত বছরের ২৬ মার্চ থেকে সৌদি নেতৃত্বাধীন জোট ইয়েমেনের ওপর হামলা শুরু করে। সৌদি সরকার তার পছন্দের সাবেক প্রেসিডেন্ট আব্দ রাব্বু মানসুর হাদিকে ইয়েমেনি জাতির ওপর শাসক হিসেবে চাপিয়ে দিতে চাইলেও দেশটির বেশিরভাগ দল ও বিপ্লবী সরকার তা মেনে নিতে অস্বীকার করে আসছে। সৌদি নেতৃত্বাধীন জোটের হামলায় কয়েক হাজার নারী ও শিশুসহ এ পর্যন্ত প্রায় ১০,০০০ বেসামরিক ইয়েমেনি নিহত হয়েছে। আহত হয়েছে আরও কয়েক গুণ।#
পার্সটুডে/বাবুল আখতার/৫