ইয়েমেনের স্বাস্থ্য-ব্যবস্থা ভেঙে পড়েছে: সেইভ দ্যা চিলড্রেন
দারিদ্রপীড়িত ইয়েমেনে বর্বরোচিত সৌদি আগ্রাসনের ফলে দেশটির স্বাস্থ্য-ব্যবস্থা সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে বলে আন্তর্জাতিক বেসরকারি সংস্থা সেইভ দ্যা চিলড্রেন ফান্ড জানিয়েছে। সংস্থাটি আরো জানিয়েছে, ইয়েমেনে সৌদি বিমান হামলায় ৮০ লাখ শিশুর জন্য কোনো মৌলিক চিকিৎসা সেবা নেই।
'বাঁচার জন্য মরিয়া' শিরোনামে গতকাল (মঙ্গলবার) সেইভ দ্যা চিলড্রেন ফান্ড এক প্রতিবেদনে বলেছে, স্থানীয় ব্যক্তি এবং চিকিৎসকের কাছ থেকে নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে ইয়েমেনের স্বাস্থ্য-ব্যবস্থা ভেঙে পড়ার বিষয়টি উঠে এসেছে। প্রতিবেদনে আরো বলা হয়েছে, ইয়েমেনে সরাসরি যুদ্ধের কারণে ১,২১৯টি শিশু মারা গেছে। তবে ইয়েমেন যুদ্ধে পরোক্ষভাবে মৃতের সংখ্যা আরো বেশি বলে জানিয়েছে সংস্থাটি।
এছাড়া, চিকিৎসা সামগ্রী এবং কর্মীর প্রকট সংকটের ফলে প্রতিবছর নিরাময়যোগ্য রোগে আরো ১০,০০০ মানুষ মৃত্যুর কোলে ঢলে পড়ছে। সংস্থাটির ইয়েমেন বিষয়ক প্রধান এডওয়ার্ড সান্টিয়াগোর বরাত দিয়ে প্রতিবেদনে আরো বলা হয়েছে- ডায়রিয়া, অপুষ্টি এবং শ্বাসকষ্টজনিত রোগের মতো নিরাময়যোগ্য রোগে প্রতি সপ্তাহে ১,০০০ শিশু মারা যাচ্ছে।
সৌদি আরব ২০১৫ সালের মার্চ মাস থেকে ইয়েমেনে ভয়াবহ বিমান হামলা চালিয়ে আসছে। এতে ১১ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক।#
পার্সটুডে/বাবুল আখতার/২১