অর্থ সংকটে আরামকো’র শেয়ার বিক্রির সিদ্ধান্ত নিল সৌদি আরব
বাজেট ঘাটতি মেটানোর জন্য নিজের সবচেয়ে বড় তেল কোম্পানি আরামকো’র ৪৯ শতাংশ শেয়ার বিক্রি করে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব। নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তার বরাত দিয়ে দেশটির অর্থনীতি বিষয়ক পত্রিকা আল-একতিসাদিয়াহ এ খবর প্রকাশ করেছে।
ওই কর্মকর্তা শনিবার পত্রিকাটিকে বলেছেন, আগামী ১০ দিনের মধ্যে এ বিক্রির প্রক্রিয়া সম্পন্ন হবে এবং এ থেকে অর্জিত অর্থ ‘দেশে ও বিদেশে’ খরচ করা হবে।
এর আগে আরামকো বলেছিল, ২০১৮ সাল নাগাদ এটির শেয়ার বিক্রির বিজ্ঞপ্তি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে। তখন বলা হয়েছিল, আরামকোর মাত্র ৫ শতাংশ শেয়ার বিক্রি করা হবে যার মূল্য দাঁড়াবে ২ ট্রিলিয়ন ডলার।
বৃহস্পতিবার সৌদি আরব জানায়, সরকারের পক্ষ থেকে অর্থনৈতিক ব্যয় সংকোচন নীতি গ্রহণ করার পরও আগামী বছর দেশটির বাজেট ঘাটতি হবে ৫,৩০০ কোটি ডলার। তেলের দামের অস্বাভাবিক পতনের কারণে চলতি বছর সৌদি আরব প্রায় ১০,০০০ কোটি ডলারের সমপরিমাণ অর্থের ঘাটতি বাজেটের সম্মুখীন হয়েছে।
তেলের দাম কমার পাশাপাশি সামরিক খাতে ব্যাপকভাবে বাজেট বাড়ানোর কারণেও অর্থনৈতিক সংকটের মুখে পড়েছে রিয়াদ। দারিদ্র পীড়িত প্রতিবেশী দেশ ইয়েমেনে সামরিক আগ্রাসন চালাতে গিয়ে হাজার হাজার কোটি ডলারে অস্ত্র ও যুদ্ধ সরঞ্জাম কিনেছে সৌদি আরব।#
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২৫