শিয়া কর্মীদের ফাঁসির জন্য বাহরাইন, আরব ও পশ্চিমারা দায়ী: হিজবুল্লাহ
https://parstoday.ir/bn/news/west_asia-i31075-শিয়া_কর্মীদের_ফাঁসির_জন্য_বাহরাইন_আরব_ও_পশ্চিমারা_দায়ী_হিজবুল্লাহ
বাহরাইনের রাজতান্ত্রিক সরকারের বিরুদ্ধে আন্দোলন করা তিন তরুণ শিয়া কর্মীকে ফাঁসির মাধ্যমে হত্যার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ।
(last modified 2026-07-16T09:42:03+00:00 )
জানুয়ারি ১৫, ২০১৭ ২২:০৪ Asia/Dhaka
  • শিয়া কর্মীদের ফাঁসির জন্য বাহরাইন, আরব ও পশ্চিমারা দায়ী: হিজবুল্লাহ

বাহরাইনের রাজতান্ত্রিক সরকারের বিরুদ্ধে আন্দোলন করা তিন তরুণ শিয়া কর্মীকে ফাঁসির মাধ্যমে হত্যার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ।

এক বিবৃতিতে হিজবুল্লাহ বলেছে, শিয়া কর্মীদের ফাঁসি দেয়ার জন্য বাহরাইন সরকার, আরব ও পশ্চিমা সমর্থকরা দায়ী। সংগঠনটি আরো বলেছে, এ ফাঁসি দেয়ার ঘটনার মধ্যদিয়ে দেশটির সংকট সমাধানের জন্য সমস্ত রাজনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হবে। হিজবুল্লাহ আরো বলেছে, রাজতান্ত্রিক সরকারের দমন-পীড়ন ও হত্যাকাণ্ড সত্ত্বেও বাহরাইনের জনগণ তাদের সব ধরনের বৈধ অধিকার আদায়ের জন্য সংগ্রাম অব্যাহত রাখবে।  

গত ৯ জানুয়ারি বাহরাইনের আদালত সামি মুশাইমা, আব্বাস জামিল তাহির আস-সামি ও আলী আবদুল হাশিদ আস-সিনগাসের মত্যুদণ্ড বহাল রেখে রায় দেয়। এ তিন তরুণের বিরুদ্ধে সংযুক্ত আরব আমিরাতের এক সেনা হত্যার অভিযোগ আনা হয়। এ মামলায় আরো সাতজনকে যাবজ্জীবন দেয়া হয়েছে। আমিরাতের ওই সেনা বাহরাইনের রাজতান্ত্রিক সরকারের নিরাপত্তা রক্ষার কাজে নিয়োজিত ছিল।

এদিকে,  জাতিসংঘের বিশেষ দূত অ্যাগনেস ক্যালামার্দ তিন কর্মীর ফাঁসির ঘটনাকে বিচারবহির্ভূতভাবে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে বলে মন্তব্য করেছেন। ক্যালামার্দ তার টুইটার বার্তায় বলেছেন, তিন কর্মী নির্যাতনের স্বীকার এবং তাদের বিচার হয়েছে ফিল্মি কায়দায়।

অন্যদিকে, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের বৈরুত চ্যাপ্টারের উপ পরিচালক সামাহ হাদিদ বাহরাইনের তিন কর্মীর মৃত্যুদণ্ড দেয়ার বিরুদ্ধে তার প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তিনি বলেছেন, বাহরাইনের মানবাধিকারের জন্য এটা একটা কালো দিবস। ২০১০ সালের পর এই প্রথম এ ধরনের মৃত্যুদণ্ড দেয়া হলো এবং এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা। তিনি বলেন, এ ধরনের ফাঁসি না দিয়ে বরং শিগগিরি বাহরাইন সরকারের উচিত মৃত্যুদণ্ড বন্ধ করা।

২০১১ সাল থেকে বাহরাইনের রাজতান্ত্রিক সরকারের বিরুদ্ধে দেশটির জনগণ ন্যায্য অধিকারের জন্য আন্দোলন করে আসেছ। তারা রাজনৈতিক সংস্কার ও সব ধরনের বৈষম্য অবসানের দাবি জানাচ্ছে।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৫