ফিলিস্তিনি ভূমি অধিগ্রহণের ব্যাপারে ইসরাইলকে সতর্ক করল জাতিসংঘ
-
জাতিসংঘের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ প্রতিনিধি নিকোলাই ম্ল্যাদেনভ
জাতিসংঘ সতর্ক করে দিয়ে বলেছে, ইসরাইল ফিলিস্তিনি ভূমি অধিগ্রহণের চেষ্টা করলে মধ্যপ্রাচ্য শান্তি আলোচনা এগিয়ে নিয়ে যাওয়ার আশা শেষ হয়ে যাবে। জাতিসংঘের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ প্রতিনিধি নিকোলাই ম্ল্যাদেনভ আজ নিরাপত্তা পরিষদে বক্তব্য দেয়ার সময় এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।
কয়েকজন ইসরাইলি মন্ত্রী ফিলিস্তিনি ভূখণ্ডকে এই অবৈধ রাষ্ট্রের সঙ্গে একীভূত করে নেয়ার জন্য নেতানিয়াহু সরকারের প্রতি আহ্বান জানানোর পর ম্ল্যাদেনভ এ সতর্কবাণী উচ্চারণ করলেন।
অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে অবৈধ ইহুদি বসতি নির্মাণ বন্ধ করার আহ্বান জানিয়ে সম্প্রতি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে প্রস্তাব পাস হয়। গত ২৩ ডিসেম্বর পাস হওয়া প্রস্তাবটিতে চিরাচরিরত প্রথা ভেঙে ভেটো দেয়নি আমেরিকা। পরিষদের বাকি ১৪ দেশ প্রস্তাবের পক্ষে ভোট দেয়।
১৯৬৭ সালের যুদ্ধে ইহুদিবাদী ইসরাইল পূর্ব জেরুজালেম আল-কুদস’সহ জর্দান নদীর পশ্চিম তীরের বহু এলাকা জবরদখল করে নেয়। তখন থেকে এ পর্যন্ত অধিকৃত এই এলাকাগুলোতে প্রায় আড়াইশ’ অবৈধ বসতি নির্মাণ করেছে ইসরাইল যেগুলোতে পাঁচ লাখের বেশি ইহুদি অভিবাসী বসবাস করছে। ফিলিস্তিনি ভূমিতে এসব বসতি নির্মিত হয়েছে বলে এগুলোকে অবৈধ বলে বিবেচনা করে আসছে আন্তর্জাতিক সমাজ। তবে এ ধরনের বসতি নিমাণ বন্ধের আন্তর্জাতিক দাবি উপেক্ষা করছে মানবতার শত্রু ইসরাইল।#
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১৮