ইরান তার জাতীয় স্বার্থ রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ: লাভরভের সঙ্গে বৈঠকে আরাকচি
-
লাভরভ-আরাকচি বৈঠক
পার্সটুডে-জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নেওয়া বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে ধারাবাহিক আলোচনার অংশ হিসেবে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে বৈঠক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি।
বৈঠকে ইরান ও রাশিয়ার দ্বিপক্ষীয় রাজনৈতিক, অর্থনৈতিক, বাণিজ্যিক, পরিবহন ও জ্বালানি সহযোগিতা এবং আন্তর্জাতিক সংস্থাগুলোতে পারস্পরিক সমন্বয় নিয়ে আলোচনা হয়।
আরাকচি একতরফা মার্কিন নীতির বিরোধিতা এবং স্বাধীন দেশগুলোর ওপর চাপ প্রয়োগে আন্তর্জাতিক সংস্থাগুলোর অপব্যবহারের বিরুদ্ধে রাশিয়ার অবস্থানের প্রশংসা করেন।
তিনি হরমুজ প্রণালিতে বর্তমান নিরাপত্তাহীনতাকে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি ভঙ্গ ও সংঘটিত কর্মকাণ্ডের সরাসরি ফল হিসেবে উল্লেখ করেন। আরাকচি বলেন, কূটনৈতিক প্রচেষ্টার পাশাপাশি ইরান তার জাতীয় স্বার্থ ও নিরাপত্তা রক্ষায় এবং ইরানের জাতীয় নিরাপত্তার বিরুদ্ধে হরমুজ প্রণালির অপব্যবহার ঠেকাতে দৃঢ়প্রতিজ্ঞ।
রুশ পররাষ্ট্রমন্ত্রী লাভরভও ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক আগ্রাসনের নিন্দায় রাশিয়ার নীতিগত অবস্থান পুনর্ব্যক্ত করেন। পাশাপাশি তিনি আন্তর্জাতিক সংস্থাগুলোকে নিজেদের লক্ষ্য অর্জনে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের হাতিয়ার হিসেবে ব্যবহারের প্রচেষ্টার বিরোধিতা করেন এবং সব দেশের আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের নীতিমালা মেনে চলার গুরুত্ব তুলে ধরেন।#
পার্সটুডে/এনএম/২৬
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।