ইয়েমেনে আগ্রাসন অব্যাহত; পাল্টা আঘাতে ২ সৌদি সেনা নিহত
-
আবাসিক এলাকায় সৌদি হামলা
ইয়েমেনে সৌদি জঙ্গি বিমান হামলা অব্যাহত রয়েছে। গতরাতেও ইয়েমেনের রাজধানী সানার আবাসিক এলাকায় বোমা নিক্ষেপ করেছে সৌদি বাহিনী। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া আল-হাদিদা প্রদেশের 'সিক্সটিন কিলোমিটার' এলাকায় বিমান হামলা হয়েছে।
দরিদ্র মুসলিম দেশ ইয়েমেনে প্রায় প্রতিদিনই সৌদি জঙ্গি বিমানের হামলায় বহু বেসামরিক মানুষ নিহত হচ্ছে। কিন্তু এরপরও আন্তর্জাতিক সমাজ নীরব রয়েছে।
এদিকে, সৌদি আরবের সীমান্তবর্তী নাজরান প্রদেশে ইয়েমেনিদের পাল্টা হামলায় দুই সৌদি সেনা নিহত হয়েছে। সেখানকার একটি সামরিক ঘাঁটিতে ইয়েমেনিরা হামলা চালালে নিহতের এ ঘটনা ঘটে বলে আল-মাসিরা টিভি চ্যানেল জানিয়েছে। এছাড়া, তায়িজ প্রদেশে সৌদি অনুচরদের আটটি সামরিক ঘাঁটির নিয়ন্ত্রণ নিয়েছে দেশটির সশস্ত্র বাহিনী। এ সময় প্রচণ্ড সংঘর্ষে কয়েকজন সৌদি অনুচর নিহত হয়েছে।
গত বুধবার ইয়েমেনের প্রতিরোধ সংগঠন আনসারুল্লাহ ঘোষণা করেছে, চলতি জানুয়ারি মাসে সৌদি আরবের জিযান, নাজরান ও আসির প্রদেশে ইয়েমেনি স্নাইপারদের গুলিতে ১৬ জন সৌদি সেনা নিহত হয়েছে।
২০১৫ সালের মার্চ থেকে ইয়েমেনে হামলা শুরু করেছে সৌদি আরব। সৌদি হামলায় ১১ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। এছাড়া শরণার্থীতে পরিণত হয়েছেন আরও লাখ লাখ মানুষ। এর বাইরেও মৌলিক অবকাঠামো ধ্বংস করে দেয়া হচ্ছে।#
পার্সটুডে/সোহেল আহম্মেদ/২৭