ইয়েমেনি বাহিনীর রকেট হামলায় ভাড়াটে বহু সৌদি সেনা নিহত
ইয়েমেনের সেনাবাহিনী দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় তায়িজ প্রদেশে সৌদি মদদপুষ্ট সাবেক ইয়েমেনি সরকারের অনুগত বাহিনীর ওপর হামলা চালালে বহু সৈন্য নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
আজ (বুধবার) নাম প্রকাশে অনিচ্ছুক একজন সামরিক কর্মকর্তা ইয়েমেনের সরকারি বার্তা সংস্থা সাবা'কে জানিয়েছেন, ইয়েমেনি বাহিনী এবং জনপ্রিয় স্বেচ্ছাসেবী কমিটি রাতে রাজধানী সানার ৩৪৬ কিলোমিটার দক্ষিণে লোহিত সাগরের তীরবর্তী বন্দর নগরী মোখারের আল-মিযান এলাকায় স্থানীয়ভাবে তৈরি যেলযাল-২ রকেট নিক্ষেপ করে। তিনি বলেন, হামলায় বহু সৌদি ভাড়াটে সেনা নিহত হওয়ার পাশাপাশি তাদের সামরিক সরঞ্জাম ধ্বংস হয়েছে। তবে নিহতদের সংখ্যা এবং ক্ষয়ক্ষতি সম্পর্কে সঠিক কোনো ধারণা দিতে পারেন নি তিনি।
এছাড়া, রাজধানী সানার ১২০ কিলোমিটার পূর্বে অবস্থিত সিরওয়াহ শহরে ইয়েমেনি সামরিক বাহিনী এবং জনপ্রিয় কমিটির পাল্টা হামলায় সৌদিপন্থি বহু বন্দুকধারী হতাহত হয়েছে।
এছাড়া, ইয়েমেনি সেনা এবং তাদের সহযোগী বাহিনী একই শহরের আল-মাখাদ্রা এলাকায় ভাড়াটে সৌদি সেনাদের একটি সামরিক গাড়িতে হামলা চালালে সেখানে অবস্থান করা সব সেনা এবং ওই গাড়িটিও ধ্বংস হয়।#
পার্সটুডে/বাবুল আখতার/৮