সৌদি প্রিন্সকে পদক দিয়ে সম্মানিত করল সিআইএ
-
সিআইএ পরিচালকের কাছ থেকে পদক নিচ্ছেন যুবরাজ নায়েফ (ডানে)
সৌদি আরবের যুবরাজ মুহাম্মাদ বিন নায়েফকে আমেরিকার অত্যন্ত মর্যাদাপূর্ণ পদক ‘জর্জ টেনেট মেডেল’ দিয়ে সম্মানিত করা হয়েছে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে কথিত গোয়েন্দা কাজে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা- সিআইএ তাকে এই পদক দিয়েছে।
যুবরাজ নায়েফ হচ্ছেন সৌদি আরবের উপ প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী। রাজধানী রিয়াদে গতকাল (শুক্রবার) তার হাতে সিআইএ’র পরিচালক মাইকেল পোম্পেও নিজে এ পদক তুলে দেন। পরে এক বিবৃতিতে নায়েফ পদক দেয়ার জন্য আমেরিকার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেছেন, রাজা সালমান বিন আব্দুল আজিজ আলে সৌদের নেতৃত্বে সৌদি আরব সন্ত্রাসবাদ-বিরোধী যে লড়াই চালাচ্ছে তার স্বীকৃতি হচ্ছে এই পদক। তিনি বিবৃতিতে আরো বলেছেন, সন্ত্রাসবাদের কোনো ধর্ম ও রজনৈতিক পরিচয় নেই।
সৌদি আরবে যখন চরমপন্থি ওয়াহাবি মতবাদের প্রচার ও চর্চা চলছে এবং সিরিয়া ও ইরাকে তৎপর উগ্র সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে রিয়াদ সমর্থন দিয়ে আসছে তখন সৌদি যুবরাজ এ পদক পেলেন। অবশ্য, সিআইএ’র বিরুদ্ধেও অভিযোগ রয়েছে- তারাই উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ সৃষ্টি করেছে।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/১১