ইসরাইল-ফিলিস্তিন সংকট: দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের পথ থেকে সরে আসবেন ট্রাম্প!
-
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু
ইসরাইল -ফিলিস্তিন সংকট নিরসনের লক্ষ্যে মার্কিন তত্ত্বাবধানে বহুল আলোচিত কথিত দুই -রাষ্ট্র ভিত্তিক সমাধানের পথ থেকে প্রেসিডেন্ট ট্রাম্প সরে আসবেন বলে এক কর্মকর্তা জানিয়েছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক হোয়াইট হাউজের ওই কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, সকলের জন্য আশাব্যঞ্জক একটি দুই রাষ্ট্র ভিত্তিক সমাধান কোনো শান্তি বয়ে নিয়ে আসবে না-এটা আমাদের লক্ষ্য নয়। ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আজ (বুধবার) নতুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করার লক্ষ্যে হোয়াইট হাউজে যাওয়ার কথা রয়েছে। এরপরই হোয়াইট হাউজের পক্ষ থেকে এ বক্তব্য এলো।
ওই কর্মকর্তা জোর দিয়ে বলেন, রিপাবলিকান প্রেসিডেন্টের জন্য শান্তি প্রতিষ্ঠাই প্রধান লক্ষ্য- সেটা এর সঙ্গে সংশ্লিষ্ট পক্ষগুলোর ইচ্ছার ভিত্তিতে দুই-রাষ্ট্র ভিত্তিক সমাধানের মাধ্যমে আসুক বা ওই পক্ষগুলোর ইচ্ছার ভিত্তিতে অন্যভাবেই আসুক।
গত সেপ্টেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারাভিযানের সময় ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাতে ট্রাম্প বলেছিলেন, তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হলে তেল আবিব থেকে মার্কিন দূতাবাস সরিয়ে জেরুজালেম শহরে নেবেন। তার এ বক্তব্যে ফিলিস্তিনসহ পুরো মুসলিম বিশ্বে প্রতিবাদের ঝড় ওঠে।
গত ৫০ বছর ধরে মার্কিন রিপাবলিকান এবং ডেমোক্রেটিক প্রেসিডেন্টদের মাধ্যমে সমর্থিত দুই-রাষ্ট্র ভিত্তিক সমাধান থেকে ডোনাল্ড ট্রাম্পের সরে আসা থেকে মধ্যপ্রাচ্য ইস্যুতে মার্কিন নীতির বড় ধরনের পরিবর্তন বলে মনে করা হচ্ছে।#
পার্সটুডে/বাবুল আখতার/১৫