নেতানিয়াহুর সঙ্গে আরব নেতাদের গোপন সাক্ষাৎ: হারেৎজ
https://parstoday.ir/bn/news/west_asia-i33234-নেতানিয়াহুর_সঙ্গে_আরব_নেতাদের_গোপন_সাক্ষাৎ_হারেৎজ
ইহুদিবাদী ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে কিছু আরব নেতা গোপনে সাক্ষাৎ করেছেন বলে খবর দিয়েছে ইসরাইলি দৈনিক হারেৎজ। সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা প্রশাসনের নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কর্মকর্তার বরাত দিয়ে দৈনিকটি জানিয়েছে, প্রায় এক বছর আগে অনুষ্ঠিত বৈঠকে আমেরিকার কথিত শান্তি পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ফেব্রুয়ারি ২০, ২০১৭ ০৩:১৭ Asia/Dhaka
  • ইহুদিবাদী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু
    ইহুদিবাদী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু

ইহুদিবাদী ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে কিছু আরব নেতা গোপনে সাক্ষাৎ করেছেন বলে খবর দিয়েছে ইসরাইলি দৈনিক হারেৎজ। সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা প্রশাসনের নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কর্মকর্তার বরাত দিয়ে দৈনিকটি জানিয়েছে, প্রায় এক বছর আগে অনুষ্ঠিত বৈঠকে আমেরিকার কথিত শান্তি পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে।

জর্দানের রাজা আব্দুল্লাহর আমন্ত্রণে অনুষ্ঠিত ওই গোপন বৈঠকে মিশরের প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আস-সিসি’সহ আরো কয়েকজন আরব নেতা অংশ নেন।  বৈঠকে সাবেক  মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ফিলিস্তিন ও ইসরাইলের মধ্যে শান্তি প্রতিষ্ঠার জন্য ছয় দফা প্রস্তাব পেশ করেন।  প্রস্তাবের অন্যতম ধারা ছিল, ১৯৬৭ সালের ছয় দিনের যুদ্ধে ইসরাইলের হাতে দখলীকৃত ফিলিস্তিনি ভূমি ফেরত দিতে হবে।

কেরির পরিকল্পনায়  ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র এবং ইসরাইলকে আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি ইহুদি রাষ্ট্র হিসেবে ধরা হয়েছিল।  এতে জেরুজালেম খ্যাত বাইতুল মোকাদ্দাস শহরকে স্বাধীন দুই দেশের রাজধানী বলে উল্লেখ করেছিলেন তৎকালীন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।

বর্তমানে ইহুদিবাদী ইসরাইল বাইতুল মোকাদ্দাস শহরের পূর্ব অংশ নিয়ন্ত্রণ করছে এবং এই শহরকে সে নিজের রাজধানী বলে মনে করে। ১৯৬৭ সালের যুদ্ধে এ নগরীর পূর্ব অংশ দখল করে নেয় ইহুদিবাদীরা।

দৈনিক হারেৎজ রোববার আরো জানায়, কেরির এ প্রস্তাব মেনে নেননি নেতানিয়াহু।  তিনি বলেন, তার ঐক্যমত্যের সরকারের সব দলকে তিনি এ পরিকল্পনার ব্যাপারে রাজি করাতে পারবেন না।

ইসরাইলি দৈনিক হারেৎজে রোববার প্রকাশিত এ খবরের ব্যাপারে এখনো তেল আবিব বা জর্দানের পক্ষ থেকে প্রতিক্রিয়া জানানো হয়নি।  আরব দেশগুলোর মধ্যে শুধু মিশর ও জর্দান ইসরাইলের সঙ্গে পূর্ণমাত্রার সম্পর্ক রক্ষা করছে। এ ছাড়া, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও কাতার ইসরাইলের সঙ্গে রাষ্ট্রীয়ভাবে সম্পর্ক না রাখলেও তেল আবিবের সঙ্গে এসব দেশের গোপন অনানুষ্ঠানিক সম্পর্ক রয়েছে।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২০