তুর্কি সৈন্যদের অনুপ্রবেশ বিষয়ে নিরবতার অবসান ঘটান: সৌদি আরবকে ইরাক
https://parstoday.ir/bn/news/west_asia-i33596-তুর্কি_সৈন্যদের_অনুপ্রবেশ_বিষয়ে_নিরবতার_অবসান_ঘটান_সৌদি_আরবকে_ইরাক
ইরাকের অভ্যন্তরে তুর্কি সেনার উপস্থিতির ব্যাপারে নিরবতার অবসান ঘটানোর জন্য সৌদি আরবের প্রতি আহ্বান জানিয়েছে বাগদাদ। সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী আদেল আল-জুবায়ের যখন আকস্মিকভাবে ইরাক সফর করলেন তখন বাগদাদ সরকার রিয়াদের প্রতি এ আহ্বান জানাল।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ফেব্রুয়ারি ২৬, ২০১৭ ১৪:৪৪ Asia/Dhaka
  • তুর্কি সৈন্যদের অনুপ্রবেশ বিষয়ে নিরবতার অবসান ঘটান: সৌদি আরবকে ইরাক

ইরাকের অভ্যন্তরে তুর্কি সেনার উপস্থিতির ব্যাপারে নিরবতার অবসান ঘটানোর জন্য সৌদি আরবের প্রতি আহ্বান জানিয়েছে বাগদাদ। সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী আদেল আল-জুবায়ের যখন আকস্মিকভাবে ইরাক সফর করলেন তখন বাগদাদ সরকার রিয়াদের প্রতি এ আহ্বান জানাল।

ইরাকের পররাষ্ট্রমন্ত্রী ইব্রাহিম আল-জাফারি গতকাল (শনিবার) সৌদি পররাষ্ট্রমন্ত্রীকে বাগদাদে স্বাগত জানান। ২০০৩ সালে ইরাকে মার্কিন আগ্রাসনের পর এই প্রথম সৌদি আরবের শীর্ষ পর্যায়ের কোনো মন্ত্রী ইরাক সফর করলেন। ২০১৫ সালের ডিসেম্বরে ইরাকের উত্তরাঞ্চলে তুরস্ক ২০০০ সৈন্য পাঠায়। এতে দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কে টানাপড়েন সৃষ্টি হয় এবং তুর্কি সেনাদের অনুপ্রবেশ আঞ্চলিক যুদ্ধে রূপ নিতে পারে বলে ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল-এবাদি সতর্ক করে দেন।  

ইরাকের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, জাফারি সৌদি পররাষ্ট্রমন্ত্রী জুবায়েরকে বলেছেন, ইরাকের মাটিতে তুর্কি সেনাদের উপস্থিতির বিষয়ে সৌদি আরবকে অবশ্যই তার নিরবতার অবসান ঘটাতে হবে। বাগদাদ থেকে ইরনা সংবাদ সংস্থা এ খবর দিয়েছে। ইরাকের মাটি থেকে তুর্কি সেনাদেরকে চলে যেতে আঙ্কারার সরকারকে রিয়াদ যেন উৎসাহিত করে সে ব্যাপারে ব্যবস্থা নেয়ার ওপর গুরুত্বারোপ করেছেন জাফারি।#

পার্সটুডে/বাবুল আখতার/২৬