ইয়েমেনের বাজারে সৌদি আরবের পাশবিক বিমান হামলা: ২৬ জন নিহত
https://parstoday.ir/bn/news/west_asia-i34296-ইয়েমেনের_বাজারে_সৌদি_আরবের_পাশবিক_বিমান_হামলা_২৬_জন_নিহত
ইয়েমেনের পশ্চিমাঞ্চলীয় হুদাইদা শহরের একটি বাজারে সৌদি আরবের বর্বরোচিত বিমান হামলায় অন্তত ২৬ জন নিহত হয়েছে। শুক্রবার খাখাহ এলাকার ওই বাজারে চালানো এ হামলায় আরো ১০ জন আহত হয়।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মার্চ ১১, ২০১৭ ০৩:৩৬ Asia/Dhaka
  • শুক্রবারের হামলার ছবি
    শুক্রবারের হামলার ছবি

ইয়েমেনের পশ্চিমাঞ্চলীয় হুদাইদা শহরের একটি বাজারে সৌদি আরবের বর্বরোচিত বিমান হামলায় অন্তত ২৬ জন নিহত হয়েছে। শুক্রবার খাখাহ এলাকার ওই বাজারে চালানো এ হামলায় আরো ১০ জন আহত হয়।

হামলার পর যাতে অ্যাম্বুলেন্স হতাহতদের সাহায্যে এগিয়ে যেতে না পারে সেজন্য সৌদি জঙ্গিবিমানগুলো ঘটনাস্থলের আকাশে বারবার টহল দিতে থাকে বলে ইয়েমেনের আল-মাসিরা টেলিভিশন জানিয়েছে।  শুক্রবার একই এলাকার আবু মুসা সেনা ঘাঁটিতেও দুই দফা বিমান হামলা চালায় সৌদি যুদ্ধবিমানগুলো।

হুদাইদার বাজারে সৌদি বিমান হামলার পরপরই ঘটনাস্থলে পৌঁছা একজন প্রতক্ষদর্শী আগুনে পুড়ে যাওয়া এক ব্যক্তির ছবি তোলেন। পাশবিক সৌদি হামলার ফলে সৃষ্ট আগুনে তিনি জীবন্ত দগ্ধহয়ে মারা যান।

লোহিত সাগর তীরবর্তী হুদাইদা ইয়েমেনের চতুর্থ-বৃহত্তম শহর। ইয়েমেনের পশ্চিমাঞ্চলে অবস্থিত শহরটিতে প্রায় চার লাখ মানুষ বসবাস করেন।

২০১৫ সালের মার্চ মাস থেকে ইয়েমেনের নিরীহ জনগণের ওপর পাশবিক হামলা চালিয়ে যাচ্ছে সৌদি আরব। দেশটির জনপ্রিয় হুথি আনসারুল্লাহ যোদ্ধাদের দমন করার জন্য এ হামলা চালানোর দাবি করে রিয়াদ। কিন্তু এ পর্যন্ত বেশিরভাগ সৌদি হামলা হয়েছে ইয়েমেনের বেসামরিক স্থাপনার ওপর।

আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো অভিযোগ করছে, সৌদি যুদ্ধবিমানগুলো প্রায়ই আবাসিক এলাকা এবং জনসমাগমের স্থানগুলোতে নির্বিচারে হামলা চালিয়ে শত শত মানুষকে হত্যা করছে।

হিউম্যান রাইটস ওয়াচ গত অক্টোবরে এক প্রতিবেদনে জানিয়েছে, আমেরিকা ও ব্রিটেনের প্রত্যক্ষ সহযোগিতায় সৌদি আরব তখন পর্যন্ত ইয়েমেনে অন্তত ৫৮টি অবৈধ বিমান হামলা চালিয়েছে।

এ ছাড়া, গতমাসে জাতিসংঘের ইয়েমেন বিষয়ক মানবিক সমন্বয়ক জ্যামি ম্যাকগোল্ডরিক জানান, গত দুই বছরের সৌদি হামলায় প্রায় ১০,০০০ মানুষ নিহত হয়েছে।  এ ছাড়া, হামলার ফলে ইয়েমেনের অবকাঠামো ধ্বংস হয়ে যাওয়ায় প্রায় ৭০ লাখ মানুষ দুর্ভিক্ষের ঝুঁকির মুখে পড়েছে। #

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১১